আজ রাতেই প্রিমিয়ার হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘বিগ বস বাংলা সিজন ৩’। নতুন সিজন ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এবারের প্রতিযোগীদের তালিকা নিয়ে কৌতূহল রয়েছে সবচেয়ে বেশি। জানা গিয়েছে, এবারের ‘বিগ বস বাংলা’য় অংশ নিচ্ছেন বাংলার ১৬ জন তারকা।

অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর এবং খেলোয়াড়—বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিযোগীদের তালিকা। প্রতিযোগী হিসেবে রয়েছেন লাফটারসেন, আলেকজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, শন ব্যানার্জী, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, দুর্নিবার সাহা, নন্দিনী দত্ত, জয়িতা চ্যাটার্জি, ভরত কল, সোহিনী পাল, ঝিলম গুপ্ত, তনুশ্রী রায় দাস এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

এবারের ‘বিগ বস বাংলা’র ট্যাগলাইন—‘দুর্গ জয় সহজ নয়’। আগামী ১২ সপ্তাহ ধরে এই দুর্গের ভিতরেই চলবে প্রতিযোগীদের টিকে থাকার লড়াই। প্রায় তিন মাস ধরে চলবে রিয়্যালিটি শোটি। প্রতি সপ্তাহে প্রতিযোগীদের মধ্যে থেকে একজন করে বাদ পড়বেন। শেষ পর্যন্ত যিনি সমস্ত বাধা পেরিয়ে টিকে থাকবেন, তাঁর হাতেই উঠবে বিজয়ীর ট্রফি। তিনিই হবেন এবারের ‘দুর্গজয়ী’।

এবারের ‘বিগ বস বাংলা’র সেট তৈরি করা হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ে। সেখানে সেটের মধ্যে সুইমিং পুল, জিম-সহ রয়েছে একাধিক সুযোগ-সুবিধা। শো চলাকালীন মোবাইল ফোন-সহ বাইরের জগতের সঙ্গে যাবতীয় যোগাযোগ ছেড়ে এই বাড়ির মধ্যেই থাকতে হবে প্রতিযোগীদের। কৌশল, বন্ধুত্ব, ঝগড়া, মতবিরোধ থেকে নতুন সম্পর্কের সূত্রপাত, সবকিছুর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে তাঁদের।

তবে চমক থাকছে আরও। শো চলাকালীন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আরও কয়েকজন তারকার প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় নুসরত ও বনি-সহ বেশ কয়েকজন পরিচিত তারকার নাম রয়েছে।
এবার ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায় বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঞ্চালনায় নতুন সিজন কতটা জমে ওঠে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।
আজ রাত ৮টা নাগাদ হবে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর গ্র্যান্ড ওপেনিং। এরপর আগামীকাল থেকে প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় দেখা যাবে এই রিয়্যালিটি শো। আগামী তিন মাসে ১৬ প্রতিযোগীর মধ্যে কে শেষ পর্যন্ত ‘দুর্গ জয়’ করেন, এখন সেটাই দেখার।




