• facebook
  • twitter
  • youtube
Sunday, 30 August, 2026

জুভেন্তাসে যাওয়া হয়নি, এবার চেলসিতে মার্তিনেজ! ৭.৫ মিলিয়ন পাউন্ডে দুই বছরের চুক্তি

জুভেন্তাসে যাওয়ার সম্ভাবনা অগস্টের শুরুতেই ভেস্তে গিয়েছিল। তার পর থেকেই নতুন ক্লাবের খোঁজে ছিলেন এমি মার্তিনেজ।

জুভেন্তাসে যাওয়া হয়নি, এবার চেলসিতে মার্তিনেজ! ৭.৫ মিলিয়ন পাউন্ডে দুই বছরের চুক্তি

জুভেন্তাসে যাওয়ার সম্ভাবনা অগস্টের শুরুতেই ভেস্তে গিয়েছিল। তার পর থেকেই নতুন ক্লাবের খোঁজে ছিলেন এমি মার্তিনেজ। শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চেলসিতে যোগ দিলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। প্রায় সাড়ে সাত মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রবিবার মার্তিনেজকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছে পশ্চিম লন্ডনের ক্লাব। স্ট্যামফোর্ড ব্রিজে দুই বছরের চুক্তিতে সই করেছেন তিনি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর বিকল্পও রাখা হয়েছে।

বুধবারই মার্তিনেজের প্রতিনিধিদের তরফে চেলসির কাছে দলবদলের প্রস্তাব দেওয়া হয়। রবিবার নতুন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মার্তিনেজ বলেন, চেলসিতে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। তাঁর এবং পরিবারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না বলেও জানিয়েছেন আর্জেন্তিনার গোলরক্ষক।

চেলসিতে সাফল্য পাওয়ার প্রবল ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন তিনি। মার্তিনেজের বক্তব্য, তিনি সবসময় জিততে চান এবং সেই মানসিকতাই নতুন ক্লাবে নিয়ে যেতে চান। চেলসির মতো খেতাবজয়ী ক্লাবের সঙ্গে তাঁর মানসিকতার মিল রয়েছে বলেও মনে করেন তিনি।

নতুন গোলরক্ষকের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে যায় ফুলহ্যামের বিরুদ্ধে চেলসির ম্যাচে। সোমবার ৩-২ গোলে জিতলেও ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ ভুল করেন রবার্ট সাঞ্চেজ। ব্রাইটন থেকে ২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়ার পর এটি ছিল ক্লাবের হয়ে তাঁর ১১২তম ম্যাচ।

সাঞ্চেজের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠার পরই অভিজ্ঞ গোলরক্ষকের খোঁজ শুরু করেন চেলসির কোচ জাবি আলোনসো। গত মরসুমে স্ট্রাসবার্গে লোনে গিয়ে নজর কেড়েছিলেন ২১ বছর বয়সি মাইক পেন্ডার্স। কিন্তু তাঁকে এখনই প্রিমিয়ার লিগের চাপের মধ্যে ফেলতে চাইছে না চেলসি।

তাই প্রয়োজন ছিল এমন এক অভিজ্ঞ গোলরক্ষকের, যিনি একই সঙ্গে সাঞ্চেজের জায়গায় চাপ তৈরি করবেন এবং তরুণ পেন্ডার্সের ভবিষ্যতের বিকাশেও বাধা হয়ে দাঁড়াবেন না। ৩৩ বছর বয়সি মার্তিনেজ সেই জায়গায় আদর্শ বলেই মনে করেছে চেলসি।

২০২০ সালে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্তিনেজ। ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলেছেন তিনি। কোচ উনাই এমেরির অধীনে ক্লাবের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন আর্জেন্তিনার গোলরক্ষক।

ভিলার হয়ে ইউরোপা লিগ জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ফ্রাইবুর্গকে হারিয়ে ট্রফি জয়ের পর মাঠে এমেরিকে কাঁধে তুলে মার্তিনেজের উচ্ছ্বাস ভিলার সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

গত তিন মরসুমের মধ্যে দু’বার ভিলাকে লিগের প্রথম চারে শেষ করতে সাহায্য করেছেন তিনি। সেই সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় দল। আর্জেন্তিনার হয়েও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অবদান রয়েছে।

তবে গত মরসুম থেকেই ভিলা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্তিনেজ। ডেডলাইন ডে-তে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত তা আসেনি। এরপর জুভেন্তাসের সঙ্গে আলোচনা শুরু হলেও সেই চুক্তিও বাস্তবায়িত হয়নি।

গত এক সপ্তাহ ধরে ভিলার মূল দলের বাইরে একাই অনুশীলন করছিলেন মার্তিনেজ। শেষ পর্যন্ত চেলসিই হয়ে উঠল তাঁর নতুন ঠিকানা।

এদিকে মার্তিনেজের বিকল্প হিসেবে ইতিমধ্যেই পারমা থেকে ২৪ বছর বয়সি জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। ফলে মার্তিনেজের ভিলা-অধ্যায়ের পাশাপাশি ক্লাবের গোলপোস্টেও শুরু হল নতুন অধ্যায়।