নদিয়ার কল্যাণীতে শুরু হয়েছে সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। দলের কাছে যা কার্যত মিনি রাজ্য সম্মেলনের সমতুল্য। তিন শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ অধিবেশনে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের হাল এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অধিবেশন ঘিরে রয়েছে ব্যস্ততা। কিন্তু সেই ভিড়ের মধ্যেও বার বার চোখে পড়ছে একটি শূন্যতা— নেই বিমান বসু।
স্মরণযোগ্য কালের মধ্যে এই প্রথম সিপিএমের এমন কোনও বড় বৈঠক বা সম্মেলনে উপস্থিত থাকতে পারলেন না বর্ষীয়ান এই বাম নেতা। দীর্ঘদিন ধরে দলের রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ বিমান। দলীয় বৈঠক, সম্মেলন কিংবা গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি প্রায় অবিচ্ছেদ্য বলেই মনে করেন দলের নেতা-কর্মীরা। তাই কল্যাণীর এই গুরুত্বপূর্ণ অধিবেশনে তাঁকে না দেখতে পাওয়ার বিষয়টি স্বাভাবিক ভাবেই আলাদা করে নজর কেড়েছে।
সম্প্রতি পেসমেকার বসানো হয়েছে বিমানের। তার পরেই চিকিৎসকদের পরামর্শে আপাতত দিল্লিতেই বিশ্রামে রয়েছেন তিনি। আগামী সপ্তাহে তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে খবর। শারীরিক কারণে অধিবেশনে উপস্থিত থাকতে না পারলেও দলের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির প্রতি তাঁর নজর রয়েছে বলেই জানাচ্ছেন সতীর্থেরা।
দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘এই রকম একটা অধিবেশন হচ্ছে, কিন্তু বিমানদা সেখানে নেই, ভাবাই যায় না। তবে না থাকলেও ওঁর মন পড়ে আছে এখানেই।’’
কল্যাণীর অধিবেশনে যোগ দিয়েছেন ৩২০ জনের বেশি প্রতিনিধি। উপস্থিত রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। রয়েছেন দলের পলিটব্যুরো সদস্য তপন সেন, নীলোৎপল বসু, মরিয়ম ধাওয়লে এবং বর্ষীয়ান নেত্রী বৃন্দা কারাট। রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের নিয়ে একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অধিবেশনে।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বামেদের ভূমিকা, সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখা এবং আগামী দিনের আন্দোলনের কর্মসূচি— সব মিলিয়ে এই বর্ধিত অধিবেশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সিপিএম। কার্যত রাজ্য সম্মেলনের আবহেই দলের আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক দিশা নিয়ে মতবিনিময় চলছে।
কিন্তু সব আলোচনার মাঝেও দলের অন্দরে বার বার উঠে আসছে বিমান বসুর প্রসঙ্গ। এত বড় অধিবেশন, দলের শীর্ষ নেতাদের উপস্থিতি, শতাধিক প্রতিনিধির আলোচনা— অথচ সেখানে নেই দীর্ঘদিনের পরিচিত সেই মুখ। আপাতত দিল্লিতে বিশ্রামে থাকলেও, কল্যাণীর অধিবেশনকে ঘিরে বিমান বসুর অনুপস্থিতিই যেন সিপিএমের এই ‘মিনি রাজ্য সম্মেলন’-এর অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।




