• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

‘রাজ্যে বিজেপির কোনও জোটসঙ্গী নেই’, সুদীপের দাবি খারিজ করে দিলেন সুকান্ত

এই ২০ জন সাংসদের এখন সাংসদ পদ খারিজ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যেই কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার

‘রাজ্যে বিজেপির কোনও জোটসঙ্গী নেই’, সুদীপের দাবি খারিজ করে দিলেন সুকান্ত

Sudip Banerjee-Sukanta Majumder Photo-SNS

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে চলে যেতেই বিদ্রোহী ২০ জন সাংসদ ঘাসফুল ত্যাগ করে এনসিপিআই দলে যোগ দেন। তাঁরা এনডিএ’কে সমর্থন করবেন বলে ঘোষণা করেন। তারপর প্রাতঃরাশ থেকে শুরু করে নৈশভোজ বেশ চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করা, ছবি তোলা, বৈঠক করা সবই দেখা যাচ্ছিল। কিন্তু এসবে এখন বাধ সেধেছে সুপ্রিম কোর্ট। এই ২০ জন সাংসদকে নোটিস দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর তারপরই লোকসভার স্পিকার ওম বিড়লার দপ্তরও তাঁদের নোটিস পাঠিয়েছে। এই সাঁড়াশি চাপের মধ্যে এবার তাঁদের অস্বস্তি বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এই ২০ জন সাংসদের এখন সাংসদ পদ খারিজ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যেই কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে বড় দাবি করেছিলেন এনসিপিআই দলে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ সাংবাদিকদের বলেন, ‘এই দুই শহরের পুরসভার নির্বাচনে এনডিএ-এর শরিক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপিআই। আমরা এনডিএ-র একটি দল হিসেবে নির্বাচনে লড়ব এবং এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরাও বিষয়টি নিশ্চিত করেছেন।’

যাঁদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার উপক্রম তাঁদের দল এনসিপিআই কেমন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরসভার নির্বাচন? এনডিএ-এর শরিক হিসাবেই বা কেমন করে পুরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? উঠছে প্রশ্ন। এই আবহে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি সরাসরি খারিজ করে দিলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সুদীপের দাবি খারিজ করে দিয়ে সুকান্ত মজুমদার পাল্টা দাবি করেন, ‘বিজেপি একাই নির্বাচনে লড়বে। আমাদের রাজ্য সভাপতি আগেই বলেছেন যে, রাজ্যে বিজেপির কোনও জোটসঙ্গী নেই। বাংলায় বিধানসভা নির্বাচনেও আমরা কোনও শরিকের সঙ্গে লড়িনি। আমরা একাই লড়েছিলাম এবং বহু আসন জিতেছিলাম। তাই পুরসভা নির্বাচনে কোনও জোটসঙ্গীকে নিয়ে লড়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি। আমার কাছেও এমন কোনও প্রস্তাব আসেনি।’

কদিন আগে এই একই দাবি করেছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি ছিল, বিজেপি নিজের একক শক্তিতে পুরসভা নির্বাচনে লড়বে এবং ভাল ফল করবে। আর এনসিপিআই নিয়ে বৃহস্পতিবার সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠকের আগেই দিলীপ ঘোষ বলেছেন, ‘এটা এক ধরনের আঞ্চলিক পার্টি। পার্টির জন্মই হয়নি! কেউ জামা পরে নিয়েছেন দলের। কেউ নামই জানত না। এভাবে রাজনীতি হয় না। সাময়িকভাবে মুখ রক্ষার জন্য তাঁরা হয়তো একটা আশ্রয় নিয়েছেন। এই রাজনীতি থেকে দেশের কোনও লাভ হবে না। ব্যক্তিগত স্বার্থে এরকম পার্টি কেউ তৈরি করছেন। আর অন্য কেউ ছাতার তলায় দাঁড়াচ্ছেন। আমার মনে হয় না, এটি দেশের রাজনীতির কোনও লাভ হবে।’