• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

কাশ্মীরি পণ্ডিতদের ফের হুমকি, বাড়ির নম্বর এবং রাস্তার ঠিকানা উল্লেখ করে চিঠি

নতুন করে হুমকির ঘটনায় কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে হুমকি চিঠিতে নাম ও ফোন নম্বর দেওয়া হলেও

কাশ্মীরি পণ্ডিতদের ফের হুমকি, বাড়ির নম্বর এবং রাস্তার ঠিকানা উল্লেখ করে চিঠি

Kashmir Security Photo-SNS

দীর্ঘ সময় পর ফের কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে জঙ্গি হুমকি। হুমকির ঘটনায় জম্মু-কাশ্মীরে আবার নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এবার শুধু নাম নয়, জম্মুতে বসবাসকারী একাধিক কাশ্মীরি পণ্ডিতের বাড়ির নম্বর, রাস্তার ঠিকানা-সহ বিস্তারিত ব্যক্তিগত তথ্যাবলী উল্লেখ করে হুমকি চিঠি ছড়িয়ে পড়েছে। ওই তথ্য কীভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছল তা নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্রের খবর, ‘ইউনাইটেড লিবারেশন কাউন্সিল’-এর নামে প্রকাশিত ওই চিঠিতে ‘আহমদ বিলাল’ নামে এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। সেখানে জম্মুর বিভিন্ন এলাকায় বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের ‘বিশ্বাসঘাতক’ এবং দিল্লির হয়ে কাজ করা ‘হোয়াইট কলার টেররিস্ট’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি ভবিষ্যতে হামলার হুমকিও দেওয়া হয়েছে।

চিঠিতে কাশ্মীরে থেকে যাওয়া পণ্ডিতদের সঙ্গে ৯০-এর দশকে উপত্যকা ছেড়ে চলে যাওয়া পণ্ডিতদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। যাঁরা উপত্যকা ছেড়ে বাইরে চলে গিয়েছেন এবং যাঁরা পণ্ডিতদের পুনর্বাসনের সঙ্গে যুক্ত, তাঁদের নিশানা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে চিঠির সত্যতা এবং এর পিছনে কারা রয়েছে তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি। চিঠিতে ব্যবহৃত ভাষা, সংগঠনের পরিচয় এবং উল্লেখ করা ব্যক্তিগত তথ্যের উৎস খতিয়ে দেখা হচ্ছে। কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন নতুন নামে বা কোনও ছদ্মবেশী সংগঠনের মাধ্যমে এই হুমকি দিয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন ‘পানুন কাশ্মীর’-এর তরফে অবশ্য দাবি করা হয়েছে, ইউএলসি লস্কর-ই-তৈবার একটি ফ্রন্ট সংগঠন হিসেবে পরিচিত।

নতুন করে হুমকির ঘটনায় কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে হুমকি চিঠিতে নাম ও ফোন নম্বর দেওয়া হলেও সম্পূর্ণ বাড়ির ঠিকানা প্রকাশ্যে আসেনি। এবার বাড়ির নম্বর এবং রাস্তার তথ্য পর্যন্ত উল্লেখ থাকায় আশঙ্কা আরও বেড়েছে।

সম্প্রতি সরলা ভাট হত্যাকাণ্ডে ৭৩৭ পাতার চার্জশিটও পেশ করেছে এসআইএ। পুরনো একাধিক হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে শুরু হওয়া এবং একই সময়ে কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে হুমকি সামনে আসায় উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।