• facebook
  • twitter
  • youtube
Sunday, 23 August, 2026

ডুরান্ড ফাইনালে মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী? আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তার!

মুখ্যমন্ত্রীর যুবভারতীতে উপস্থিত হওয়ার কথা তখনই। দেশের প্রতিরক্ষামন্ত্রী আসবেন ম্যাচ চলাকালীন। থাকার কথা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ একাধিক মন্ত্রীরও। ফলে রবিবার ডুরান্ড ফাইনাল ঘিরে নিরাপত্তার বাড়াবাড়ি থাকার সম্ভাবনা প্রবল।

ডুরান্ড ফাইনালে মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী? আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তার!

Photo: X

আজ, রবিবার বিকালে ডুরান্ড কাপ ফাইনাল-এ মাঠে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? শুধু তিনি নন, থাকার কথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এরও।

ডুরান্ড আয়োজকদের সূত্রে তেমনই খবর পাওয়া গেছে। বিকেল ৫টায় ম্যাচ শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর যুবভারতীতে উপস্থিত হওয়ার কথা তখনই। দেশের প্রতিরক্ষামন্ত্রী আসবেন ম্যাচ চলাকালীন। থাকার কথা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ একাধিক মন্ত্রীরও। ফলে রবিবার ডুরান্ড ফাইনাল ঘিরে নিরাপত্তার বাড়াবাড়ি থাকার সম্ভাবনা প্রবল।

এদিকে, ফাইনাল এ রেফারির ভূমিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। তাঁর অভিযোগ, ইস্টবেঙ্গলকে বাড়তি সুবিধা দিচ্ছে ডুরান্ড আয়োজকেরা। তিনি বলেছন, ‘মোহনবাগান গ্রুপের সেরা দল হওয়া সত্ত্বেও আমাদের বাইরে গিয়ে সেমিফাইনাল খেলতে হল। ফাইনালের আগেই এতটা সফর করতে হল। অথচ ইস্টবেঙ্গল কোনো রকমে নক-আউটে উঠেও সব ম্যাচ পেল ঘরের মাঠে। এটা পক্ষপাতিত্ব ছাড়া আর কী? রবিবার ফাইনালেও রেফারি ওদের হয়েই খেলাবে বলেই আমার বিশ্বাস। তাই দলের ফুটবলারদের বলে দিয়েছি, আমাদের তেরো জনের বিরুদ্ধে কাল মাঠে নামতে হবে, এই মানসিকতা নিয়ে তৈরি থেকো তোমরা’।

গতকাল মোহনবাগান কোচ প্যানাগিওতিস দিলমপেরিসও প্রায় একই অভিযোগ করেন। তবে এসব সত্ত্বেও তিনি আত্মবিশ্বাসী যে এই ফাইনালে তাঁর দলই এগিয়ে থাকবে। শেষ পর্যন্ত সত্যিই রেফারির সাহায্য পায় কি না ইস্টবেঙ্গল, সেটাই দেখার। তবে এই ম্যাচের রেফারি যে বেশ চাপে থাকবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই।