• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

বয়কটের ডাকেও অনড় ব্রাজিল, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচে বদল নেই

ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার নেতৃত্বে দেশের ফুটবল মহলের একাংশ এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। তাঁদের বক্তব্য, ৯০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল অর্থ খরচ না করে সেই টাকা ভারতীয় ফুটবলের পরিকাঠামো ও তৃণমূল স্তরের উন্নয়নে ব্যবহার করা উচিত

বয়কটের ডাকেও অনড় ব্রাজিল, ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচে বদল নেই

Image: AIFF

ভারত-ব্রাজিল (India-Brazil) প্রীতি ম্যাচ বয়কটের ডাক ঘিরে দেশীয় ফুটবল মহলে বিতর্ক তুঙ্গে। কিন্তু তাতে মোটেই বিচলিত নয় ব্রাজিলিয়ান (Brazil)  ফুটবল কনফেডারেশন। অক্টোবরের কলকাতা সফর ও ভারতের বিরুদ্ধে ম্যাচের পরিকল্পনায় কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিল ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা (CBF) ।

ভারতের মাটিতে ব্রাজিলের জাতীয় ফুটবল দল! পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে দেশের জাতীয় দলের খেলা— ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে নিঃসন্দেহে স্বপ্নের মতো এক মুহূর্ত। ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা সেই বহু প্রতীক্ষিত ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ।

তবে ম্যাচের আগে বিতর্কও কম নেই। ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার নেতৃত্বে দেশের ফুটবল মহলের একাংশ এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। তাঁদের বক্তব্য, ৯০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচের জন্য বিপুল অর্থ খরচ না করে সেই টাকা ভারতীয় ফুটবলের পরিকাঠামো ও তৃণমূল স্তরের উন্নয়নে ব্যবহার করা উচিত।

আরও পড়ুন: স্টার্কের আগুনে পেসে ঝলসে গেল বাংলাদেশ, ৬৪ রানেই শেষ, দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়

কিন্তু সেই বয়কটের ডাক নিয়ে মাথাব্যথা নেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (CBF)। সিবিএফের (CBF) এক সূত্র জানিয়েছে, ভারতীয় ফুটবলে চলা এই বিতর্কের কারণে ব্রাজিলের অক্টোবর সফরের পরিকল্পনায় কোনও বদল হচ্ছে না। ম্যাচটি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং তা নির্ধারিত সূচি মেনেই হবে।

গত দুদিন সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় এসে যুবভারতীর মাঠ ও অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেছে। মাঠের ঘাসের ঘনত্ব নিয়ে কিছু পর্যবেক্ষণের খবর প্রকাশ্যে আসার পর জল্পনা তৈরি হয়েছিল। যদিও ব্রাজিলীয় সংস্থার সূত্রের দাবি, সেটি ছিল নিয়মমাফিক সতর্কতামূলক পরামর্শ মাত্র। ম্যাচের সূচি বদলানো বা সফর বাতিল হওয়ার কোনও প্রশ্নই নেই।

ভারতের প্রথম ফিফা-আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও এই বিতর্কের অন্যতম কারণ। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের জন্যই ভারত ওই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছে বলে সমালোচনা চলছে। তবে সিবিএফের দাবি, ভারতের এই সিদ্ধান্তের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানত না। স্থানীয় রাজনীতি ও ভারতীয় ফুটবলের অভ্যন্তরীণ বিতর্কের সঙ্গে নিজেদের জড়াতে নারাজ ব্রাজিলীয় সংস্থা।

ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে অবশ্য নিছক আর একটি প্রীতি ম্যাচ হিসেবে দেখছে না ব্রাজিল। ব্রাজিল দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো ভারতের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সফরের কথা বলেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের হাতাহাতির জেরে পারেদেসদের নির্বাসন, আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে বিপুল জরিমানা, সর্বোচ্চ আদালতে যাবে এএফএ

কায়েতানোর কথায়, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলব, যারা গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিল, কিন্তু যথেষ্ট উন্নতি করেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে যেমন ফুটবলীয় দিক রয়েছে, তেমনই ভারতীয়দের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতাও রয়েছে। বিশ্বকাপের সময় ব্রাজিল জাতীয় দলকে ভারতীয়রা যে বিপুল ভালবাসা ও সমর্থন দিয়েছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাতেই সেখানে যাওয়া ন্যায্য। একই সঙ্গে আমরা সেখানে ভাল ফুটবলও উপহার দিতে চাই।’

অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোয় ভারত মোট তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে খবর। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ইতিমধ্যেই নিশ্চিত। দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দের নাম নিয়ে আলোচনা চলছে, আর তৃতীয় দলের নাম এখনও চূড়ান্ত হয়নি।

বাইচুংদের বয়কটের ডাক, বিপুল খরচ নিয়ে প্রশ্ন এবং আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর বিতর্ক— সব মিলিয়ে ভারত-ব্রাজিল (Brazil) ম্যাচ ঘিরে বিতর্ক তুঙ্গে। তবে ব্রাজিলের স্পষ্ট বার্তা, বিতর্ক যতই থাকুক, ৩ অক্টোবর কলকাতায় ম্যাচ খেলার পরিকল্পনা থেকে আপাতত এক চুলও সরছে না সেলেসাও।

দেখুন:যাদবপুরকাণ্ডে ফলক ভাঙা নিয়ে কী বললেন শমীক?