• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

কালো ধোঁয়ায় ঢাকল বারাসত মেডিক্যালের লেডিস হোস্টেল, আগুন আতঙ্কে অল্পের জন্য প্রাণরক্ষা

দমকল সূত্রের খবর, আগুন লাগার পরে ঘরের মধ্যে থাকা বেশ কিছু পোশাক, আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গোটা পরিস্থিতির উপর দমকলকর্মীরা নজর রাখছেন।  

কালো ধোঁয়ায় ঢাকল বারাসত মেডিক্যালের লেডিস হোস্টেল, আগুন আতঙ্কে অল্পের জন্য প্রাণরক্ষা

Photo: Social Media

তারাপীঠের পর কলকাতার হোটেল। আগুন আতঙ্কে পুড়ছে বাংলা। দুই জায়গায় অগ্নিকাণ্ড ইতিমধ্যেই ১৮ জনের প্রাণ কেড়েছে। এবার ফের আগুন আতঙ্ক ছড়াল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিস হোস্টেলে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সংলগ্ন লেডিস হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটে। হোস্টেলের একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে আবাসিক ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দমকলে খবর দেওয়া হলে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। হোস্টেলের আবাসিক ছাত্রীদের পাশাপাশি দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান আবাসিক ছাত্রীরা। দমকল সূত্রের খবর, আগুন লাগার পরে ঘরের মধ্যে থাকা বেশ কিছু পোশাক, আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গোটা পরিস্থিতির উপর দমকলকর্মীরা নজর রাখছেন।

এই বিষয়ে হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিবেদিতা মিশ্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হাসপাতালের এনটিএস বিল্ডিংয়ে পড়ুয়াদের একটি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই ঘটনার পরেই দমকলকে খবর দেওয়া হয়। তবে ১০-১৫ মিনিটের মধ্যেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সেবকে ভয়াবহ ধসে বন্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক, দুর্ভোগে ডুয়ার্স-লাভাগামী পর্যটকরা

সূত্রের খবর, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে তারাপীঠ, কলকাতার পরপরই বারাসতে এরকম অগ্নিকাণ্ডের ঘটনায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।