• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

বিহারে মিড-ডে মিলে নুনের বদলে ডিটারজেন্ট গুঁড়ো, অসুস্থ ৪০ পড়ুয়া

পড়ুয়াদের খাবারে নুনের বদলে ভুল করে ডিটারজেন্ট গুঁড়ো দেওয়া হয়েছিল বলে অভিযোগ। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে

বিহারে মিড-ডে মিলে নুনের বদলে ডিটারজেন্ট গুঁড়ো, অসুস্থ ৪০ পড়ুয়া

Image: IANS

বিহারের নালন্দা জেলায় মিড-ডে মিল (Mid Day Meal) খেয়ে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৪০ জন পড়ুয়া। মঙ্গলবার নূরসরাই থানার অন্তর্গত পরসি মিডল স্কুলে এই ঘটনাটি ঘটেছে। পড়ুয়াদের খাবারে  (Mid Day Meal) নুনের বদলে ভুল করে ডিটারজেন্ট গুঁড়ো দেওয়া হয়েছিল বলে অভিযোগ। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। পেট ব্যথা এবং বমির কথা জানায়।

অসুস্থ পড়ুয়াদের দ্রুত বিহার শরিফ মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের চিকিৎসা শুরু করেন। সন্তানদের অসুস্থ হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। তাঁরা হাসপাতালে ছুটে আসেন। ফলে হাসপাতাল চত্বরে ভিড় জমে যায়।

আরও পড়ুন: নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-গেস্ট হাউসের অগ্নিনিরাপত্তা অডিটের নির্দেশ, তদন্তে সিট গঠন

নুন চাওয়াতেই বিপত্তি

স্কুলের এক শিক্ষকের দাবি, ওই দিন অন্য একটি স্কুল থেকে মিড-ডে মিলের (Mid Day Meal) খাবার এসেছিল। পড়ুয়াদের পরিবেশন করা সয়াবিনের তরকারিতে নুন কম ছিল। এরপর কয়েকজন পড়ুয়া নুন চায়। সেই সময় নুনের বদলে ভুল করে ডিটারজেন্ট গুঁড়ো দেওয়া হয়।

পড়ুয়ারা বুঝতে না পেরে সেই খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পরেই তাঁদের মধ্যে পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

অসুস্থ পড়ুয়াদের বিহার শরিফ মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নালন্দার সিভিল সার্জন ডা. জয়প্রকাশ সিংহও হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, সব পড়ুয়াই নিরাপদ রয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নিউ মার্কেটের একটি হোটেলে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু, প্রশ্নের মুখে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন ও কড়া পদক্ষেপের আশ্বাস

ঘটনা খবর পেয়ে হাসপাতালে যান বিহারের গ্রামীণ উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। তিনি অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার ব্যবস্থা নিয়ে খোঁজ-খবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রত্যেক পড়ুয়াদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঘটনায় যাঁর বা যাঁদের গাফিলতি প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। স্কুল পড়ুয়াদের খাবার (Mid Day Meal) তৈরি, সংরক্ষণ এবং পরিবেশনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানান তিনি।

কীভাবে নুনের বদলে ডিটারজেন্ট এল?

এই ঘটনায় স্কুলের খাবারের (Mid Day Meal) নিরাপত্তা ও ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নুনের সঙ্গে ডিটারজেন্ট গুঁড়ো কীভাবে গুলিয়ে গেল, খাবার তৈরির আগে উপকরণগুলি ঠিকভাবে পরীক্ষা করা হয়েছিল কি না এবং ডিটারজেন্ট কোথায় রাখা হয়েছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

মিড-ডে মিল (Mid Day Meal)কোথা থেকে এসেছিল, খাবার তৈরির সময় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়ছিল এবং খাবার দেওয়ার দায়িত্বে কারা ছিলেন, তাও খতিয়ে দেখা হবে। আপাতত অসুস্থ পড়ুয়াদের দ্রুত সুস্থ করে তোলাই প্রশাসনের প্রধান লক্ষ্য। চিকিৎসকেরা পড়ুয়াদের পর্যবেক্ষণে রেখেছেন।

দেখুন: