ভারতের ক্রীড়া জগতের তরুণ প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার পথে বড় পদক্ষেপ নিল সরকার। দাবার তরুণ তারকা দিব্যা দেশমুখ, ডেকাথলিট তেজস্বিন শঙ্কর এবং ভারতের মহিলা ব্যাডমিন্টনের পরিচিত মুখ গায়ত্রী গোপীচাঁদ-সহ ১৭ জন ক্রীড়াবিদকে এ বারের অর্জুন পুরস্কারের ( Arjuna Awards) জন্য মনোনীত করা হয়েছে। তবে দেশের খেলায় সর্বোচ্চ পুরস্কার দেওয়ার জন্য এ বার নাকি কাউকে পাওয়া যায়নি।
ক্রীড়া মন্ত্রক ২০২৫ সালের জন্য কোনও ক্রীড়াবিদকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, ছ’মাসেরও বেশি আগে নির্বাচন কমিটির করা সুপারিশের নজিরবিহীন পুনর্মূল্যায়নের পর অর্জুন পুরস্কারপ্রাপকদের তালিকাও উল্লেখযোগ্য ভাবে ছেঁটে ২৪ থেকে ১৭ জনে নামিয়ে আনা হয়েছে।
প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ কুমার মিশ্রের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য ভারতীয় হকি দলের তারকা হার্দিক সিংহের নাম বিবেচনা করেছিল। তবে শেষ পর্যন্ত তিনি সেই দৌড় থেকে ছিটকে যান। এর আগে সর্বশেষ ২০১৪-য় কোনও ভারতীয় ক্রীড়াবিদকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়নি।
২০২৪-এ রেকর্ড ৩২ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার ( Arjuna Awards) দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১৭ জনই ছিলেন প্যারা-স্পোর্টসের ক্রীড়াবিদ। এ বার অবশ্য প্যারা-স্পোর্টস থেকে মাত্র দু’জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। তাঁরা হলেন প্যারা ক্লাব থ্রোয়ার একতা ভ্যান, যিনি ২০২৪ প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন, এবং শুটার রুদ্রাংশ খান্ডেলওয়াল, ২০২৪-এর প্যারা বিশ্বকাপে যিনি সোনাজয়ী।
একতা গত বছর দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপোর পদক জিতেছিলেন। তবে এ বারের তালিকাতেও কোনও ক্রিকেটারের নাম নেই। ২০২৩-এ পেসার মহম্মদ শামি অর্জুন পুরস্কার পাওয়ার পর থেকে এই ধারাই বজায় রয়েছে।
মাত্র ১৯ বছর বয়সেই ভারতের দাবার ইতিহাসে নজির গড়েছেন দিব্যা। বিশ্বকাপজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে তাঁর নাম ইতিমধ্যেই দেশের ক্রীড়া মহলে বিশেষ জায়গা করে নিয়েছে। এ বার অর্জুন পুরস্কারের জন্য তাঁর মনোনয়ন সেই সাফল্যেরই স্বীকৃতি।
অন্য দিকে, ভারতের ডেকাথলনের অন্যতম সেরা মুখ তেজস্বিনও রয়েছেন তালিকায়। ২০২৩ এশিয়ান গেমসে ঐতিহাসিক রুপোজয়ী তেজস্বিন পরের বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপেও দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
ব্যাডমিন্টন থেকে অর্জুন পুরস্কারের ( Arjuna Awards) জন্য মনোনীত হয়েছেন ভারতের অন্যতম সেরা মহিলা ডাবলস জুটি ত্রিসা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। গায়ত্রী জাতীয় ব্যাডমিন্টন কোচ তথা প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন পুলেল্লা গোপীচাঁদের মেয়ে।
এ বারের তালিকায় একটি বিশেষ সংযোজন যোগাসন। ক্রীড়া মন্ত্রকের স্বীকৃতি পাওয়ার পাঁচ বছর পর প্রথম বার যোগাসন থেকে আরতি পালের নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। ১৯৬২-র এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ইসাইয়া অরুময় নৈগম এ বার একমাত্র ক্রীড়াবিদ হিসেবে সারা জীবনের অবদানের জন্য অর্জুন পুরস্কার পেলেন।
এ ছাড়া ক্রীড়া মন্ত্রক তিন জনকে দ্রোণাচার্য পুরস্কারের জন্য বেছে নিয়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বক্সিং কোচ ছোটে লাল যাদব। তিনি ভারতীয় মহিলা বক্সিং দলের জাতীয় শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের সাপোর্ট স্টাফেরও সদস্য ছিলেন। কোচিংয়ে সারা জীবনের অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কারে মনোনীত হয়েছেন পুরুষদের জাতীয় দলের কোচ ধর্মেন্দ্র যাদব এবং কুস্তি কোচ বীরেন্দ্র কুমার।
গত বছর চার জন ক্রীড়াবিদকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। তাঁরা হলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি. গুকেশ, ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ, প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার এবং শুটার মনু ভাকের। কিন্তু এ বার কেন এই পুরস্কারের জন্য কাউকে পাওয়া গেল না, এটাই বড় প্রশ্ন।
অর্জুন পুরস্কারপ্রাপকদের তালিকা
তেজস্বিন শঙ্কর — অ্যাথলেটিক্স
প্রিয়াঙ্কা গোস্বামী — অ্যাথলেটিক্স
নরেন্দর — বক্সিং
বিদিত গুজরাতি — দাবা
দিব্যা দেশমুখ — দাবা
ধনুষ শ্রীকান্ত — ডেফ শুটিং
রাজকুমার পাল — হকি
সুরজিৎ — কাবাডি
রুদ্রাংশ খান্ডেলওয়াল — প্যারা-শুটিং
একতা ভ্যান — প্যারা-অ্যাথলেটিক্স
অরবিন্দ সিংহ — রোয়িং
অখিল শেওরান — শুটিং
ত্রিসা জলি — ব্যাডমিন্টন
গায়ত্রী গোপীচাঁদ — ব্যাডমিন্টন
লালরেমসিয়ামি — হকি
মহম্মদ আজমল — অ্যাথলেটিক্স
পূজা — কবাডি
সারা জীবনের অবদানের জন্য অর্জুন পুরস্কার
আই. অরুময়নৈগম — ফুটবল
দ্রোণাচার্য পুরস্কার
পরবীর সিং, ছোটে লাল যাদব, নেহা চাভান
সারা জীবনের অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার
ধর্মেন্দ্র যাদব, বীরেন্দ্র কুমার।
দেখুন:




