প্রথমার্ধের শেষে তারা পিছিয়ে ছিল ১-২-এ। প্রবল বৃষ্টিতে ভেজা মাঠে ঘরের মাঠের দল শিলং লাজংয়ের বিরুদ্ধে তখন কঠিন চ্যালেঞ্জের মুখে নর্থইস্ট ইউনাইটেড। কলকাতা ডার্বির মতো এই নর্থইস্ট ডার্বিও বেশ জনপ্রিয়। তাই গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। দ্বিতীয়ার্ধে তারা দেখল পুরোপুরি বদলে যাওয়া ছবিটা। মরোক্কোর তারকা আলাদিন আজারেইয়ের হ্যাটট্রিকে চার গোল করে দুরন্ত কায়দায় ঘুরে দাঁড়ায় নর্থইস্ট। শেষ পর্যন্ত শিলং লাজংকে ৫-২-এ হারিয়ে টানা চতুর্থ বার ডুরান্ড কাপের সেমিফাইনালে (Durand Semi-finals) পৌঁছে গেল গত বারের চ্যাম্পিয়নরা।
নর্থইস্টের এই দুরন্ত প্রত্যাবর্তন ও আলাদিনের এই হ্যাটট্রিক অবশ্যই চিন্তা বাড়াবে মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG)। কারণ, বৃহস্পতিবার শিলংয়ের এই মাঠেই তাদের সেমিফাইনালে (Durand Semi-finals) খেলতে হবে নর্থইস্টের বিরুদ্ধে, যা ফাইনালের চেয়েও কঠিন বলা যায়। সবচেয়ে বড় কথা, এত দিন কলকাতায় খেলে আসা সবুজ-মেরুন বাহিনী (MBSG) শিলংয়ে সম্পুর্ণ অন্যরকম পরিস্থিতি ও পরিবেশের মধ্যে গিয়ে পড়বে। ওখানকার আবহাওয়া, উচ্চতা- সবই কলকাতার চেয়ে আলাদা। তার ওপর আলাদিনের এই ফর্ম। মোহনবাগানের পক্ষে কাজটা বেশ কঠিন হতে চলেছে।
আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে হারের পর রক্ষণ নিয়ে উদ্বেগ, পাকিস্তান ম্যাচে সংযমের বার্তা ফাল্টনের
সোমবার শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে সমস্যা তৈরি করেছিল ভারী বৃষ্টি। জল জমা মাঠে স্বাভাবিক ফুটবল খেলা কঠিন হয়ে উঠলেও শুরুতে পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয় নর্থইস্ট। এই পরিবেশেই ১১ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় নর্থইস্ট। রিডিম তলাংয়ের নিখুঁত লং বল ধরে দুর্দান্ত দক্ষতায় গোল করেন আজারেই। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এই গোলের সুবাদে টুর্নামেন্টের গোলদাতাদের তালিকায় রদ্রিগিনহোর পাশে পৌঁছে যান মরোক্কোর এই ফরোয়ার্ড।
কিন্তু নর্থইস্টের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২০ মিনিটে ফিগো সিনদাই গোল করে শিলং লাজংকে সমতায় ফেরান। সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই ম্যাচের রাশ আরও শক্ত করে ধরে লাজং। ৩৪ মিনিটে দুরন্ত পাল্টা আক্রমণ থেকে জোতা নর্থইস্টের রক্ষণ ভেঙে বেরিয়ে গোলরক্ষক গুরমিত সিংকে কাটিয়ে গোল করেন। বিরতিতে লাজংয়ের স্কোরলাইন তখন ২-১।
আরও পড়ুন: বাংলাদেশের কাছে লজ্জার হারের পর অস্ট্রেলিয়া দলে আমূল বদলের ডাক রিকি পন্টিংয়ের
দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য নর্থইস্টকে দেখা যায়। ৫৫ মিনিটে জেসুস গঞ্জালেস গোল করে সমতা ফেরান। মাত্র তিন মিনিট পর আবার আজারেইয়ের গোল। ২-২ থেকে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নর্থইস্ট। একের পর এক আক্রমণ এবং কর্নার থেকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও নর্থইস্টের রক্ষণ আর ভাঙতে পারেনি লাজং। কোচ হুয়ান পেদ্রো বেনালিও পরিবর্তন করে দলের আক্রমণে নতুন গতি আনেন। পার্থিব গগৈ এবং নিকোলা নিনকোভিচকে নামানোর পর আরও ছন্দে এসে যায় নর্থইস্ট।
৬৯ মিনিটে জিথিনের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আজারেই। নর্থইস্টের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-২। শেষ গোলটি আসে ৭৯ মিনিটে। এ বার গোলদাতার তালিকায় নাম লেখান জিথিন নিজেই। তাঁর গোলেই ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে নর্থইস্ট। বৃহস্পতিবার ফাইনালের টিকিটের লড়াইয়ে নামবে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন। প্রথমার্ধের ধাক্কা সামলে আজারেইদের এমন ঘুরে দাঁড়ানো ও বিধ্বংসী পারফরম্যান্স দেখার পর তাদের সামনে যে সবচেয়ে কঠিন লড়াই অপেক্ষা করছে, তা নিশ্চয়ই বুঝে নিলো মোহনবাগান।
দেখুন: আবর্জনা নয়, পরিচ্ছন্ন দিল্লি, শুরু হল বিশেষ স্বচ্ছতা অভিযান




