টানা ২৫০ দিন স্থলভাগে নামা নেই। একটানা সমুদ্রে থাকতে থাকতে মানসিক সঙ্কটে ভুগছেন মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকরা। পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘ সময়ব্যাপী মোতায়েন থাকা, বারবার দায়িত্বের মেয়াদ বৃদ্ধি এবং জাহাজের নিম্নমানের জীবনযাত্রার কারণে পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। জাহাজে একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মিলিটারি টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য নিয়ে রণতরীটি ইতিমধ্যেই দীর্ঘ ৯ মাস সমুদ্রে কাটিয়েছে। গত সপ্তাহে সান দিয়েগোয় আয়োজিত এক টাউন হলে প্রায় ২০০ জন পরিবারের সদস্য নৌবাহিনীর শীর্ষ আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। এক মহিলা জানান, তাঁর স্বামী তাঁকে বার্তায় পাঠিয়েছেন, তিনি যেন পরের দিন ঘুম থেকে না ওঠেন। আর এক পরিবারের সদস্যের অভিযোগ, দীর্ঘদিনের মোতায়েনের ফলে নৌবাহিনীর নেতৃত্বের উপর তাঁদের আস্থাও নষ্ট হয়ে গিয়েছে।
অ্যানাবেল লোমা নামে এক নাবিকের স্ত্রী জানিয়েছেন, মোতায়েন থাকার মেয়াদ বারবার বৃদ্ধি করায় তাঁর স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছেন। জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর স্বামী আশঙ্কা করছিলেন, এই ঘটনার জেরে তাঁর ১৩ বছরের কর্মজীবনও শেষ হয়ে যেতে পারে। অন্য এক নাবিকের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী তাঁর এক সহকর্মীকে জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার সময় বাঁচান।
গত ২১ নভেম্বর সান দিয়েগো থেকে রণতরীটি রওনা হয়েছিল। প্রথমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাওয়ার কথা থাকলেও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সেটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। ডিসেম্বর মাসে গুয়ামে এবং জুলাইয়ে ওমানে, মাত্র দু’বার স্থলভাগে যাওয়ার সুযোগ পেয়েছেন নাবিকরা। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও তা একাধিকবার বাড়ানো হয়েছে। মানসিক চাপের পাশাপাশি জাহাজের জীবনযাত্রা নিয়েও বহু অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যদের দাবি, ছত্রাক পড়ে যাওয়া শাওয়ার, নষ্ট শৌচাগার, সপ্তাহের পর সপ্তাহ ধরে অকেজো লন্ড্রি ব্যবস্থা, দীর্ঘ সময় গরম জল না থাকা এবং পর্যাপ্ত খাবারের অভাব এমন নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিনও পরিস্থিতির সমালোচনা করেছেন। তাঁর কথায়, দেশের হয়ে দায়িত্ব পালন করা নাবিকদের অন্তত গরম জল, সচল শৌচাগার এবং পর্যাপ্ত খাবার পাওয়ার অধিকার রয়েছে।
আরও পড়ুন: কোকেনের প্যাকেটে হালান্ডের ছবি, ইকুয়েডরে উদ্ধার ৪৬৯ কেজি মাদক
দীর্ঘদিন ধরে জলবন্দি নাবিকদের শারীরিক ও মানসিক চাপ ক্রমেই বাড়ছে। পরিবারের অভিযোগ এবং একাধিক আত্মহত্যার চেষ্টার ঘটনায় পরিস্থিতি সামাল দিতে নৌবাহিনীর তরফে দ্রুত পদক্ষেপ করার দাবি জোরালো হয়ে উঠছে।




