ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগের তদন্তে কমিশনের প্যানেলের তিন সদস্যকে তলব করল সিআইডি। ডক্টর অজিতা ভট্টাচার্য, ডক্টর অনিমা হাঁসদা এবং ডক্টর জামাল আহমেদকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী সোমবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানা গিয়েছে।
২০২১ সালের আগস্টে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে ওই তিন সদস্যকে জেপিএসসিতে নিয়োগ করা হয়েছিল। তদন্তকারীদের সূত্র মারফত জানা গিয়েছে, পরীক্ষা প্রক্রিয়া চলাকালীন প্যানেলের তরফে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং নিয়োগ পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত ঘটনাক্রম সম্পর্কে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইবে সিআইডি।
এই মামলায় তদন্তের পরিধি ইতিমধ্যেই কমিশনের শীর্ষ আধিকারিকদের পর্যন্ত পৌঁছেছে। জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব এল খিয়াংতেকে চার দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সব মিলিয়ে তাঁকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি। গত রবিবার সরকারি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হয় আন্দোলনরত পড়ুয়াদের। সেই বৈঠক শেষে ছাত্রনেতা রবীন্দ্র পাসোয়ান জানিয়েছিলেন, ১৪তম জেপিএসসি, জেপিএসসি ব্যাকলগ ২০২৩ এবং জেপিএসসি ব্যাকলগ ২০২৫, এই তিনটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে রাজি হয়েছে সরকার।
আরও পড়ুন : ৪ ঘণ্টার ব্যবধানে ২ বার কেঁপে উঠল লাদাখ, আতঙ্কে বাসিন্দারা
ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিবাদের মূল কেন্দ্রবিন্দু ছিল সিজিএল পরীক্ষা। প্রার্থীরা এই পরীক্ষার সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকলেও সরকার সেই দাবি এখনও মেনে নেয়নি। তার পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই প্রস্তাবে সন্তুষ্ট নয় পরীক্ষার্থীরা।
তাঁদের স্পষ্ট দাবি, নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআই-কে তদন্তভার না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই আবহে ঝাড়খণ্ডে জেপিএসসি প্রিলিম দুর্নীতির তদন্তে প্যানেলের তিন সদস্যকে তলব করল সিআইডি। পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তিন প্যানেল সদস্যকে তলবের পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।




