• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

ফিক্সড ডিপোজিটের নতুন নিয়মে বদল ১ অক্টোবর থেকে

ব্যাঙ্কগুলির হাতে প্রয়োজনমতো নগদ অর্থের জোগান বজায় রাখা এবং সেই অর্থের ব্যবহার আরও ভালোভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারবে। যেমন, কোনও ব্যাঙ্ক জানে যে একটি বড় কর্পোরেট সংস্থা যে কোনও সময় ১০০ কোটি টাকার এফডি ভেঙে নিতে পারে।

ফিক্সড ডিপোজিটের নতুন নিয়মে বদল ১ অক্টোবর থেকে

প্রতীকী চিত্র

আমজনতার কাছে ফিক্সড ডিপোজিট এখনও অন্যতম জনপ্রিয় বিনিয়োগের মাধ্যম। এবার সেই এফডি-র নিয়মেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলা নতুন নির্দেশিকায় মূলত ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের বাল্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার নির্ধারণ ও প্রকাশের নিয়মে বদল আনা হয়েছে। এর ফলে সুদের হার নির্ধারণে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে আরবিআই।

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক, লোকাল এরিয়া ব্যাঙ্ক এবং আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক— সব ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হবে।

সবচেয়ে বড় পরিবর্তন হল, প্রতিটি কর্মদিবসে সকাল ১০টার থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে ব্যাঙ্কগুলিকে তাদের ওয়েবসাইটে বাল্ক এফডি-র সুদের হার প্রকাশ করতে হবে। কোনও গ্রাহককে প্রকাশিত হারের বাইরে আলাদা সুদ দেওয়া যাবে না। ফলে একই দিনে একই অঙ্কের বাল্ক ডিপোজিট করলে সব গ্রাহকই সমান সুদ পাবেন। এতদিন বড় কর্পোরেট বা বিশেষ গ্রাহকদের সঙ্গে দর কষাকষির ভিত্তিতে আলাদা সুদের হার দেওয়ার অভিযোগ ছিল। নতুন নিয়মে সেই সুযোগ কার্যত বন্ধ হচ্ছে।

এছাড়া, লিকুইডিটি কভারেজ রেশিও বা এলসিআর-এর ভিত্তিতে ব্যাঙ্কগুলিকে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে। অর্থাৎ, যেসব বাল্ক আমানত দ্রুত তুলে নেওয়ার ঝুঁকি বেশি, সেগুলিতে গ্রাহককে তুলনামূলক বেশি সুদ দেওয়ার সুযোগ থাকবে। এর ফলে ব্যাঙ্কগুলির হাতে প্রয়োজনমতো নগদ অর্থের জোগান বজায় রাখা এবং সেই অর্থের ব্যবহার আরও ভালোভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারবে। যেমন, কোনও ব্যাঙ্ক জানে যে একটি বড় কর্পোরেট সংস্থা যে কোনও সময় ১০০ কোটি টাকার এফডি ভেঙে নিতে পারে।

সেক্ষেত্রে সেই টাকার জন্য ব্যাঙ্ককে আগে থেকেই পর্যাপ্ত নগদ অর্থ প্রস্তুত রাখতে হবে। নতুন নিয়মে এই ধরনের তুলনামূলক ঝুঁকিপূর্ণ আমানতে চাইলে ব্যাঙ্ক বেশি সুদ দিতে পারবে। এতে গ্রাহকরা টাকা ব্যাঙ্কে রাখার বিষয়ে উৎসাহিত হবেন এবং ব্যাঙ্কও তাদের নগদের পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবে।

আরবিআই-এর নিয়ম অনুযায়ী, ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ফিক্সড ডিপোজিটকেই বাল্ক ডিপোজিট বলা হয়। সাধারণ খুচরো গ্রাহকদের বদলে মূলত কর্পোরেট সংস্থা, ট্রাস্ট এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই এই ধরনের এফডি করেন। তাই এই পরিবর্তনের সরাসরি প্রভাব তাঁদের উপরই বেশি পড়বে। তবে ৩ কোটি টাকার কম অঙ্কের সাধারণ রিটেল এফডি-র সুদের হারে এই নির্দেশিকার সরাসরি কোনও প্রভাব নেই।

তবুও সুদের হার প্রকাশ ও স্বচ্ছতার নতুন নীতির ফলে গোটা ব্যাঙ্কিং ব্যবস্থায় স্বচ্ছতা ও সমতা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে আরবিআই।