• facebook
  • twitter
  • youtube
Tuesday, 11 August, 2026

ডুরান্ড কাপে খেলা হল না টাইগারের! ম্যাচের আগেই মুম্বই এফসি থেকে সরে দাঁড়ালেন বলিউড তারকা, কেন এই সিদ্ধান্ত?

গ্রুপ ‘ই’-তে প্রথমে মেঘালয়েরই আর এক দল ল্যাংসনিংয়ের কাছে পাঁচ গোলে হারে তারা। পরের ম্যাচে শিলং লাজংয়ের কাছেও একই ব্যবধানে, অর্থাৎ ০-৫ গোলে পরাজিত হয় মুম্বই। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে দলটি।

ডুরান্ড কাপে খেলা হল না টাইগারের! ম্যাচের আগেই মুম্বই এফসি থেকে সরে দাঁড়ালেন বলিউড তারকা, কেন এই সিদ্ধান্ত?

Photo: X

বলিউডে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত তিনি। ফুটবল নিয়েও তাঁর আগ্রহের কথা নতুন নয়। ডুরান্ড কাপে মুম্বই এফসি-র হয়ে মাঠে নামার প্রস্তুতিও নিয়েছিলেন টাইগার শ্রফ। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। শিলংয়ে মঙ্গলবার নংকশেহ এসএসঅ্যান্ডসিসি-র বিরুদ্ধে মুম্বই এফসি-র ম্যাচে খেলতে পারবেন না টাইগার।

আগেই মুম্বই এফসি-র ডুরান্ড কাপের দলে জায়গা পেয়েছিলেন টাইগার। ফলে প্রতিযোগিতায় তাঁর অভিষেক ঘিরে তৈরি হয়েছিল যথেষ্ট আগ্রহ। কিন্তু দলের হয়ে আগের দু’টি গ্রুপ ম্যাচেও খেলতে পারেননি তিনি। সেই দুই ম্যাচেই মুম্বই এফসি-কে বড় ব্যবধানে হারতে হয়।

কিন্তু কেন না খেলার সিদ্ধান্ত নিলেন বলিউড তারকা? সমাজমাধ্যমে মুম্বই এফসি-র একটি ভিডিওয় নিজের না-খেলার খবর জানান টাইগার। তিনি বলেন, ‘সত্যিই খুব, খুব দুর্ভাগ্যজনক। শেষ মুহূর্তে একটি কাজ এসে যাওয়ায় ডুরান্ড কাপের জন্য শিলংয়ে যেতে পারছি না’।

সুযোগ হারিয়ে যে তিনি নিজেও হতাশ, তা স্পষ্ট করে দিয়েছেন টাইগার। তাঁর কথায়, ‘আমি আমার দল মুম্বই এফসি-র হয়ে খেলতে মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তা আর সম্ভব হচ্ছে না। যারা খেলছে, সবাইকে শুভেচ্ছা। দুর্দান্ত টুর্নামেন্ট হয়েছে। মুম্বই এফসিকে অনেক শুভেচ্ছা। ছেলেরা, দারুণ কিছু করো।’

টাইগার না খেললেও মুম্বই এফসি-র ডুরান্ড কাপ অভিযান অবশ্য ইতিমধ্যেই শেষের পথে। গ্রুপ ‘ই’-তে প্রথমে মেঘালয়েরই আর এক দল ল্যাংসনিংয়ের কাছে পাঁচ গোলে হারে তারা। পরের ম্যাচে শিলং লাজংয়ের কাছেও একই ব্যবধানে, অর্থাৎ ০-৫ গোলে পরাজিত হয় মুম্বই। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে দলটি। অনেকে বলছেন, দুটো বাজে হারের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন টাইগার। নক আউটে ওঠার জায়গায় থাকলে হয়তো শেষ ম্যাচে খেলতেন তিনি। তবে টাইগার নিজে অন্য কথা বলেছেন।

২০২৪-এ মুম্বই এফসি প্রতিষ্ঠার পর থেকেই এই ক্লাবের সঙ্গে যুক্ত টাইগার। মুম্বই প্রিমিয়ার লিগ এবং আই-লিগ থ্রি-তে খেলা এই দলের হয়ে বলিউড তারকার মাঠে নামা নিয়ে তাই শুরু থেকেই আগ্রহ ছিল। এবার ডুরান্ড কাপ-ই তাঁর সেই অভিষেকের মঞ্চ হতে পারত। কিন্তু শেষ মুহূর্তে চলে আসা কাজের জন্য আপাতত সেই সুযোগ হাতছাড়া হল।

তা হলে ফুটবল মাঠে টাইগারের অভিষেক কবে হবে? আপাতত সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তাঁর অনুরাগীরা।