সাইডলাইন থেকে বল ছোড়ার এমন কায়দা আগে দেখেছেন? বল হাতে নিয়ে দৌড়ে এসে শরীরটা শূন্যে ছুঁড়ে এক পাক ঘুরলেন। তার পর দু’হাতে ছুঁড়ে দিলেন বল। সেই বল উড়ে গিয়ে পড়ল সোজা বিপক্ষের গোল লাইনের সামনে। সেখান থেকে হেডে গোল! ফুটবল মাঠে এমন দৃশ্য ক্যামেরায় না দেখলে বিশ্বাস করা কঠিন।
রাশিয়ার দ্বিতীয় ডিভিশনের ম্যাচে এমনই কাণ্ড ঘটেছে। মুখোমুখি স্পার্টাক কোস্ত্রোমা এবং এসকেএ-খাবারভস্ক। ম্যাচের শেষ দিকে স্পার্টাকের হয়ে এমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন ইরানের ডিফেন্ডার নাদের মোহাম্মাদি। তাঁর ‘ফ্লিপ থ্রো’ থেকেই এল গোলের ‘অ্যাসিস্ট’। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় স্পার্টাক।
ঘড়িতে তখন ৮৩ মিনিট। সাইডলাইনের ধারে থ্রো-ইন নেওয়ার জন্য বল হাতে তুলে নিয়েছেন মোহাম্মাদি। সাধারণত ফুটবলাররা দু’পা মাটিতে রেখে মাথার উপর দিয়ে বল ছুড়ে দেন। কিন্তু মোহাম্মাদির পদ্ধতি একেবারে অন্য রকম। বল হাতে নিয়েই তিনি শরীরকে শূন্যে ভাসিয়ে একটা ভল্ট দেন। একেবারে জিমন্যাস্টদের মতো সমারসল্ট মেরে ল্যান্ড করলেন এবং দু’হাতে বলটি ছুড়ে দিলেন অনেকটা দূরে।
🇮🇷🇷🇺Iranian defender Nader Mohammadi produced a spectacular assist for Spartak Kostroma against SKA-Khabarovsk — using a somersault throw-in to launch the ball into the box. 🤸♂️⚽
The flip throw was famously used by Estonia’s Risto Kallaste and Newcastle’s Steve Watson in the… pic.twitter.com/kPUrT6OJNa
— EF (@EURASIAFOOTBALL) August 9, 2026
বলটি যেন থ্রো-ইন নয়, নিখুঁত একটি ক্রস! উড়ে গিয়ে সেটি পৌঁছল এসকেএ-খাবারভস্কের বক্সে, ছ’গজের বক্সের মধ্যে। সেখানে ঠিক জায়গায় ছিলেন স্পার্টাকের সের্গেই বুগরিয়ভ। সুযোগ নষ্ট করেননি তিনি। হেড করে বলটি জালে পাঠিয়ে দেন। আর তাতেই মোহাম্মাদির অবিশ্বাস্য থ্রো-ইন হয়ে গেল গোলের ‘অ্যাসিস্ট’।
এই ধরনের ‘ফ্লিপ থ্রো’ অবশ্য মোহাম্মাদির কাছে নতুন নয়। ইরানের ফুটবলে এমন অভিনব থ্রো-ইনের জন্য আগেও পরিচিত ছিলেন তিনি। নিজের শরীরের গতি এবং সমারসল্টের শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ থ্রো-ইনের তুলনায় অনেক বেশি দূরে বল পাঠাতে পারেন এই ইরানি ডিফেন্ডার।
চলতি মরসুমেই ইরান ছেড়ে প্রথম বার বিদেশের ক্লাবে পাড়ি দিয়েছেন মোহাম্মাদি। স্পার্টাক কোস্ত্রোমায় যোগ দেওয়ার আগে তিনি খেলেছেন ইরানের একাধিক ক্লাবে। তবে রাশিয়ার ফুটবলে পা রেখেই যে এমন দৃশ্য উপহার দেবেন, তা বোধহয় তিনিও ভাবেননি।
ম্যাচের ফলাফল হয়তো কয়েক দিন পর আর বিশেষ কেউ মনে রাখবেন না। কিন্তু মোহাম্মাদির সেই থ্রো-ইন? সমাজমাধ্যমে ইতিমধ্যেই তার ভিডিও ছড়িয়ে পড়েছে, যা সমাজমাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং। ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়াও অবিশ্বাস্য। সারা দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ দেখেছে সেই ভিডিও।




