মাঝে আর একটা মাস। তারপরই রাজ্যজুড়ে পালিত হবে দুর্গোৎসব। এখন থেকে অনেকে শপিং করতে নেমে পড়েছেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন বহু পরিবার। বিশেষ করে সরকারি কর্মচারীরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন বলেই খবর মিলেছে। এবার সরকারি কর্মচারীরা দুর্গাপুজোয় কতদিন ছুটি পাচ্ছেন? রাজ্যে পালাবদলের পর প্রথম নতুন সরকারের আমলে দুর্গাপুজো হবে বঙ্গে। তাই এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। নবান্নে সরকারি কর্মচারীরা এই নিয়ে খোঁজখবরও করেছেন। আর তা জানতে পেরেই দুর্গাপুজোর পরিকল্পনা করেছেন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ।
দুর্গাপুজোর প্রস্তুতি এখন জোরকদমে চলছে বিগ বাজেটের পুজো কমিটিগুলির। থিমের পুজো নাকি সাবেকিয়ানা তা নিয়ে কাজ চলছে। কিন্তু এবার কি বাংলায় দুর্গাপুজোর ছুটির দিন বাড়ল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে ছুটির তালিকায় কিছু বদল ঘটেছে। চলতি বছর থেকে রাজ্য সরকারি কর্মীদের একটি ছুটির দিন বাতিল হলেও পরিবর্তে আর একটি নতুন সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। তাই দুর্গাপুজোর প্রস্তুতি জোরকদমে চলছে।
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের ছুটির তালিকায় শুধুমাত্র অক্টোবর মাসেই ১৩ দিন ছুটি থাকবে সরকারি কর্মীদের। সরকারি অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ওই ১৩ দিন বন্ধ থাকবে। সুতরাং দুর্গাপুজো-সহ লম্বা ছুটিতে চলে যেতে পারেন সরকারি কর্মচারীরা। তার উপর দুর্গাপুজোর আগে ডিএ বা মহার্ঘভাতা বর্ধিত হারে পেয়ে যাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং পকেটে টাকা এবং ছুটি দুই পেয়ে গেলে খুশির হাওয়া বইবে সরকারি কর্মচারীদের মধ্যে। ২০২৬ সালের অক্টোবর মাসের সরকারি ছুটির তালিকায় ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন, ১০ অক্টোবর, মহালয়া উপলক্ষ্যে সরকারি অফিস বন্ধ থাকবে।
তাছাড়া ১৫ অক্টোবর, দুর্গাপুজো (মহা চতুর্থী), ১৬ অক্টোবর, দুর্গাপুজো (মহা পঞ্চমী), ১৭ অক্টোবর, দুর্গাপুজো (মহা ষষ্ঠী) উপলক্ষ্যে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি অফিস। তারপর ১৮ অক্টোবর, দুর্গাপুজো ( মহা সপ্তমী), ১৯ অক্টোবর, দুর্গাপুজো (মহা অষ্টমী), ২০ অক্টোবর, দুর্গাপুজো (মহা নবমী), ২১ অক্টোবর, বিজয়া দশমী উপলক্ষ্যে সমস্ত সরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ২২–২৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি থাকবে। ২৪ অক্টোবরেও দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি মিলবে সরকারি কর্মীদের। শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষ্যে টানা ১১ দিন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। দুর্গাপুজোর পর অক্টোবর মাসেই আবারও ছুটি রয়েছে। এমনকী ২৬ অক্টোবর, লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটিও থাকবে সরকারি কর্মীদের।




