• facebook
  • twitter
  • youtube
Monday, 3 August, 2026

আদালতে স্বস্তি ব্রিজভূষণের, কিন্তু লড়াই ছাড়ছেন না ভিনেশরা! কী বলছেন তাঁরা?

একাধিক মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আন্দোলনে নেমেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোমবার দিল্লির আদালত প্রমাণের অভাবে ব্রিজভূষণ ও বিনোদ তোমরকে নির্দোষ আখ্যা দেয়।

আদালতে স্বস্তি  ব্রিজভূষণের, কিন্তু লড়াই ছাড়ছেন না ভিনেশরা! কী বলছেন তাঁরা?

Photo: X

দিল্লির আদালতে প্রাক্তন কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং খালাস পাওয়ার পরও লড়াই থামাতে নারাজ দেশের নামী কুস্তিগিররা। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিযোগকারী মহিলা কুস্তিগিরেরা। সেই কথা জানিয়ে অলিম্পিয়ান ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন, ব্রিজভূষণ নিজের ক্ষমতার অপব্যবহার করে মহিলা কুস্তিগিরদের ভয় দেখাতেন এবং তাঁদের চুপ করিয়ে রাখার চেষ্টা করেছিলেন।

দিল্লির আদালত সোমবার ব্রিজভূষণ শরণ সিং এবং প্রাক্তন ডব্লিউএফআই সহকারী সচিব বিনোদ তোমরকে যৌন হেনস্থার মামলায় বেকসুর ঘোষণা করে। সেই রায়ের পরেই ক্ষোভ উগরে দেন ভিনেশ। তিনি বলেন, ‘আমরা এই রায়ে অত্যন্ত মর্মাহত। আদালত ব্রিজভূষণ শরণ সিংকে মহিলা কুস্তিগিরদের আনা যৌন হেনস্থার অভিযোগে দোষী বলে মনে করেনি। মহিলা কুস্তিগিরেরা তাঁদের আইনজীবীদের এই রায়ের বিরুদ্ধে আবেদন করার নির্দেশ দিয়েছেন। যত দ্রুত সম্ভব সেই আবেদন করা হবে। আমরা আশা হারাইনি। আমাদের লড়াই চলবে’।

ভিনেশ আরও অভিযোগ করেন, ‘ব্রিজভূষণ মেয়েদের ভয় দেখাত। নিজের ক্ষমতার অপব্যবহার করত। শুরু থেকেই গোটা প্রশাসন, সরকার এবং পুরো ব্যবস্থাই ব্রিজভূষণকে রক্ষা করার কাজে লেগে ছিল’।

অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়াও একই সুরে বলেন, ‘আমরা ন্যায়বিচারের আশাই করেছিলাম। এখনও আশা হারাইনি। আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’।

এই মামলাটি ২০২৩ সালে ভারতীয় কুস্তির অন্যতম বড় বিতর্কে পরিণত হয়েছিল। একাধিক মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আন্দোলনে নেমেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোমবার দিল্লির আদালত প্রমাণের অভাবে ব্রিজভূষণ ও বিনোদ তোমরকে নির্দোষ আখ্যা দেয়।

তবে আদালতের রায়ই শেষ নয় বলে স্পষ্ট করে দিয়েছেন ভিনেশ ও তাঁর সঙ্গীরা। তাঁদের বক্তব্য, আইনের উচ্চতর স্তরে ন্যায়বিচারের লড়াই জারি থাকবে।