• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

মামলা নয়, মীমাংসাতেই জোর! একদিনেই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ৪৭টি বিরোধ নিষ্পত্তি বিশেষ লোক আদালতে

লোক আদালতের জন্য গঠিত দুটি বেঞ্চের মধ্যে প্রথম বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শান্তনু রায় ও অ্যাডভোকেট মন্দোবী চৌধুরী ৫৫টি মামলার শুনানি করে ১৬টি মামলার নিষ্পত্তি করেন।

মামলা নয়, মীমাংসাতেই জোর! একদিনেই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ৪৭টি বিরোধ নিষ্পত্তি বিশেষ লোক আদালতে

Photo: Statesman

দুই লক্ষাধিক টাকার নয়, ২০.৩৪ লক্ষ টাকারও বেশি দাবির নিষ্পত্তি। আদালতের বাইরে সমঝোতায় দ্রুত সমাধানের বার্তা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের। আদালতের দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (West Bengal State Legal Services Authority)-এর উদ্যোগে শনিবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রি-লিটিগেশন সংক্রান্ত মামলাগুলির জন্য বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়।

এই বিশেষ লোক আদালতে মোট ১০৮টি মামলা গ্রহণ করা হয়। তার মধ্যে ৪৭টি মামলার নিষ্পত্তি হয় উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে। নিষ্পত্তিকৃত মামলাগুলিতে মোট ২০,৩৪,২৯৩ টাকা (প্রায় ২০.৩৪ লক্ষ টাকা) মীমাংসা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব মুন চক্রবর্তী, রেজিস্ট্রার-কাম-ডেপুটি সেক্রেটারি অর্চিতা সেন এবং ডেপুটি সেক্রেটারি স্বাতী মৌলিক।

লোক আদালতের জন্য গঠিত দুটি বেঞ্চের মধ্যে প্রথম বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শান্তনু রায় ও অ্যাডভোকেট মন্দোবী চৌধুরী ৫৫টি মামলার শুনানি করে ১৬টি মামলার নিষ্পত্তি করেন। দ্বিতীয় বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক মীনা সরকার ও অ্যাডভোকেট অরিন্দম সেন ৫৩টি মামলার মধ্যে ৩০টি মামলার নিষ্পত্তি করেন।

আরও পড়ুন: ছুটির দিনে বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণ, কলকাতায় কী পূর্বাভাস?

রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের বক্তব্য, আদালতে মামলা গড়ালে দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ যেমন ব্যয় হয়, তেমনই আদালতের উপরে মামলার চাপ বাড়ে। সেই কারণে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে দুপক্ষের সম্মতিতে বিরোধ মেটানোর সুযোগ করতেই এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছিল।