• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

১৫ দিনের মধ্যে বেআইনি অংশ ভাঙার নির্দেশ পুরসভার

অভিযুক্তদের পক্ষ থেকে ২০১৪ সালের অনুমোদিত বিল্ডিং প্ল্যান জমা দেওয়া হয়। কিন্তু বিল্ডিং ইন্সপেক্টর ও সার্ভেয়ারের যৌথ পরিদর্শন রিপোর্টের সঙ্গে সেই নকশা মিলিয়ে দেখে নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, বাস্তবে নির্মিত বহুতলের সঙ্গে অনুমোদিত পরিকল্পনার বিস্তর অমিল রয়েছে।

১৫ দিনের মধ্যে বেআইনি অংশ ভাঙার নির্দেশ পুরসভার

বেআইনি অংশ ভাঙার নির্দেশ পুরসভার (AI-নির্মিত ছবি)

অনুমোদিত বিল্ডিং প্ল্যানকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গজিয়ে উঠেছিল প্রকাণ্ড বহুতল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেই নির্মাণে একাধিক অনিয়মের প্রমাণ মিলতেই কড়া পদক্ষেপ করল দুর্গাপুর নগর নিগম। আবাসনের অনুমোদনহীন সমস্ত অংশ আগামী ১৫ দিনের মধ্যে মালিককে নিজ দায়িত্বে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নির্দেশ কার্যকর না হলে পুরসভাই আইন মেনে বেআইনি অংশ ভেঙে ফেলবে। সেই অভিযানের সম্পূর্ণ খরচও সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকেই আদায় করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নগর নিগম।

পুরসভা সূত্রের খবর, বেনাচিতির এমকে প্লট এলাকার বাসিন্দা নিত্যগোপাল রায় ও মিঠু রায়ের বিরুদ্ধে অনুমোদিত নকশা বহির্ভূত বহুতল নির্মাণের অভিযোগ করেন গোপালপুরের বাসিন্দা শান্তনু মিশ্র। অভিযোগ পাওয়ার পর ৫ জুন দুর্গাপুর নগর নিগমের বিল্ডিং ইন্সপেক্টর ও সার্ভেয়ার সরেজমিনে পরিদর্শন করেন। সেই রিপোর্ট জমা পড়ার পরই প্রশাসনিক স্তরে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়।

২৪ জুলাই অভিযোগকারী ও অভিযুক্ত, দুই পক্ষকে নিয়ে পুরসভায় শুনানি হয়। সেখানে অভিযুক্তদের পক্ষ থেকে ২০১৪ সালের অনুমোদিত বিল্ডিং প্ল্যান জমা দেওয়া হয়। কিন্তু বিল্ডিং ইন্সপেক্টর ও সার্ভেয়ারের যৌথ পরিদর্শন রিপোর্টের সঙ্গে সেই নকশা মিলিয়ে দেখে নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, বাস্তবে নির্মিত বহুতলের সঙ্গে অনুমোদিত পরিকল্পনার বিস্তর অমিল রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই ৩০ জুলাই আনুষ্ঠানিক আদেশনামা জারি করে নগর নিগম। নির্দেশে বলা হয়েছে, অনুমতি ছাড়া নির্মিত সমস্ত অংশ ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে এবং কাজ শেষ হলে তার রিপোর্টও জমা দিতে হবে।

আরও পড়ুন: রাতারাতি কোটিপতি দিনমজুর, অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা ঢুকতেই উড়েছে ঘুম

এদিকে, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অবৈধ নির্মাণ বা অবৈধ ফাইল, কোনও ক্ষেত্রেই কাউকে রেয়াত করা হবে না। তৃণমূল আমলে যে সব অনিয়ম হয়েছে, তার প্রত্যেকটির বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।’