• facebook
  • twitter
Sunday, 24 May, 2026

বুলডোজার অভিযানে কড়া বার্তা অগ্নিমিত্রার, ‘অবৈধ নির্মাণে যুক্ত কাউকেই ছাড়া হবে না’

কলকাতার একাধিক এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার অভিযানে কড়া বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল। একই দিনে বানান ভুল হোর্ডিং বিতর্ক নিয়েও মুখ খুললেন মন্ত্রী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রবিবার সকাল থেকেই কলকাতার একাধিক এলাকায় শুরু হয়েছে জোরদার বুলডোজার অভিযান। তিলজলা, কসবা, বেলেঘাটা সহ শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণ ভাঙার কাজে নেমেছে পুরসভা, পুলিশ এবং প্রশাসনের যৌথ বাহিনী। আর এই অভিযানের মধ্যেই কড়া বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু অবৈধ নির্মাণকারী বা প্রোমোটার নয়, যাঁদের দায়িত্ব ছিল এই ধরনের বেআইনি নির্মাণ রোখার, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে ভাঙার কাজ সরেজমিনে দেখতে যান মন্ত্রী। সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক গাফিলতি নিয়ে সরব হন তিনি। অগ্নিমিত্রা বলেন, ‘পুরসভা বা সরকারে যাঁদের দায়িত্ব ছিল কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে, কোথায় অনুমোদনের বাইরে অতিরিক্ত অংশ তৈরি হচ্ছে, তা দেখার— তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে যাঁরা এই সব বিল্ডিং তৈরি করেছে, টাকা ঢেলেছে, ডেভেলপার বা প্রোমোটার— সকলের বিরুদ্ধেই আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিন মোট ছ’টি বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হয়েছে। এর মধ্যে কসবার ১৪৩ বিবি চ্যাটার্জি স্ট্রিটের একটি বহুতল পুরোপুরি বেআইনি বলে দাবি করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, এই নির্মাণের পিছনে রয়েছে কুখ্যাত অপরাধী সোনা পাপ্পু। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

অগ্নিমিত্রা বলেন, ‘সামনে অন্য লোকের নাম থাকলেও এটা নটোরিয়াস ক্রিমিনাল সোনা পাপ্পুর কাজ। আবার কিছু নির্মাণ রয়েছে আর এক কুখ্যাত অপরাধী রাজু নস্করের সঙ্গে যুক্ত। এরা সবাই আগের সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল।’ তিনি আরও দাবি করেন, এক তৃণমূল বিধায়কের ছেলের এলাকার দু’টি নির্মাণও প্রশাসনের নজরে এসেছে।

মন্ত্রী স্পষ্ট করেন, যেসব নির্মাণ নিয়ে প্রশ্ন রয়েছে, সেগুলিকে প্রথমে নোটিস পাঠানো হচ্ছে। সংশ্লিষ্টদের বক্তব্য জানানোর সুযোগও দেওয়া হচ্ছে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সদুত্তর না মিললে আইন মেনেই ভাঙার কাজ করা হচ্ছে।

অগ্নিমিত্রার কথায়, ‘আগের সরকারের আশীর্বাদে যারা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না। এই সরকার আইনের বাইরে কোনও কাজ করবে না, আবার আইন ভেঙেও কাউকে চলতে দেবে না।’

Advertisement