রাজ্যে পালাবদল হয়েছে। কেটে গিয়েছে তিন মাস। এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। এমন আবহে এবার রাজ্যে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। পালাবদলের পর এটাই প্রথম সফর মোহন ভাগবতের। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আরএসএস প্রধান এই রাজ্যে আসছেন বলে সঙ্ঘ সূত্রে খবর। আগামী সেপ্টেম্বর মাসে মোহন ভাগবতের এই সফর নিয়ে সঙ্ঘের কর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানা যাচ্ছে।
অন্যান্য রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিজের রাজ্যে এবারই প্রথম বিজেপি ক্ষমতায় এসেছে। তাই মোহন ভাগবতের পালাবদলের পরের সফর যে পৃথক একটা মাত্রা যোগ করবে সেটা বলার অপেক্ষা রাখে না। আরএসএস সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে মোহন ভাগবতের এই সফরে হিন্দু সম্মেলন অথবা নাগরিক সম্মেলনও হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোহন ভাগবতের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
মোহন ভাগবত যখন আরএসএসের সম্পাদক ছিলেন তখন কলকাতায় তিনি পাঁচ বছর থেকে গিয়েছেন। সুতরাং কলকাতার সঙ্গে তাঁর পুরনো পরিচয়। অনেককেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন। পুরনো পরিচয় রয়েছে বহু মানুষের সঙ্গে। তাই এবারের এই সফরে ভাগবত কলকাতার বেশ কয়েকটি জায়গায় যেতে পারেন বলে সূত্রের খবর। তবে কোথায় কোথায় যাবেন এবং কবে যাবেন তার কোনও সূচি এখনও জানানো হয়নি। কলকাতায় পা রেখে মোহন ভাগবত নতুন সরকার সম্পর্কে কিছু বলেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। মাঝেমধ্যে তাঁর বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তাই এবার তাঁর বক্তব্য শুনতে চান অনেকেই।
তাছাড়া রাষ্ট্রীয় স্বযংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে বিশেষ সাতটি কর্মসূচি নেওয়া হয়েছে। আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল নাগপুরে। ১৯২৫ সালে বিজয়া দশমীর দিন। তাই ২০২৫ সালের বিজয়া দশমীর দিন থেকে নানা কর্মসূচি চলছে। ডাঃ কেশব বলিরাম হেগড়েওয়ার হলেন আরএসএসের প্রতিষ্ঠাতা। ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচির মধ্যে রয়েছে সেবকদের একত্রীকরণ, হিন্দু সম্মেলন, সদভাবনা, গৃহ সম্পর্ক, নাগরিক সম্মেলন, যুব সম্মেলন এবং ১০ দিন ধরে শাখা কর্মসূচি। যা চলবে চলতি বছরের মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত। শাখা হলো যেখানে প্রত্যেকদিন স্বয়ং সেবকরা মিলিত হন। রাজ্যে এখন সঙ্ঘের ৫০০০ শাখা রয়েছে। বিশেষ এই কর্মসূচিতে ১০ হাজার জায়গায় শাখা হবে। শেষ পর্যায়ে যে শাখা হবে সেখানে অনেকেই সরাসরি আরএসএসের সঙ্গে যুক্ত হবেন।




