• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

আদালতে মামলা হতেই পুলিশের অনুমতি! দুর্নীতি-সহ একাধিক দাবিতে পথে নামছে এবিটিএ

মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতকে জানান, এবিটিএ-র আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে। জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার্স)-এর পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

আদালতে মামলা হতেই পুলিশের অনুমতি! দুর্নীতি-সহ একাধিক দাবিতে পথে নামছে এবিটিএ

File Photo

২৩ জুলাই কলকাতা পুলিশে আবেদন। কিন্তু সেই আবেদনে সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয় শিক্ষক সংগঠন। এদিকে শুনানির দিনই ই-মেলে মিছিলের অনুমতির কথা জানাল কলকাতা পুলিশ। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক দাবিতে আগামী ৩০ জুলাই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবে এবিটিএ (ABTA)। এই মিছিলের অনুমতি চেয়ে গত ২৩ জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল সংগঠন।

অভিযোগ, দীর্ঘদিন কোনও উত্তর না মেলায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে আদালতে মামলা দায়েরের পরই পুলিশের পক্ষ থেকে ই-মেল করে জানানো হয়, মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে এবিটিএ-র পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম ও গোপা বিশ্বাস জানান, সংগঠনটি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে একটি স্মারকলিপি জমা দিতে চায়। সেই উদ্দেশ্যেই ২৩ জুলাই লালবাজারে জয়েন্ট কমিশনার অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)-এর কাছে আবেদন করা হয়েছিল।

কিন্তু কোনও সদুত্তর না পাওয়ায় আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয় সংগঠন। এদিন মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতকে জানান, এবিটিএ-র আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে। জয়েন্ট সিপি (হেডকোয়ার্টার্স)-এর পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটির নিষ্পত্তি করেন। আগামী ৩০ জুলাইয়ের এই মিছিলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক ইস্যু তুলে ধরে স্মারকলিপি জমা দেবে এবিটিএ।

আরও পড়ুন: ‘ইন্ডিয়া জোটের আরেক নাম ককরোচ পার্টি’, দাবি সজলের, প্রতিবাদে রাজপথে বিজেপি

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে লাগাতার ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন চালিয়েছে। কিছুদিন আগে দিল্লির সেই আন্দোলনের আঁচ এসে পড়েছিল কলকাতার রাস্তায়। গত শুক্রবার কলকাতায় সিজেপির পাশাপাশি বাম ছাত্র সংগঠনগুলি মিছিল করে। ধর্মতলায় সেই মিছিলে অশান্তির অভিযোগ ওঠে। মিছিল চলাকালীন পুলিশের উপর হামলার চেষ্টা করা হয়। এর পাশাপাশি, কর্তব্যরত সাংবাদিকদেরও লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। এবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক দাবিতে পথে নামছে এবিটিএ।