• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রাক্তন উইঙ্গার এ বার লাল-হলুদ ব্রিগেডে, কে এই নয়া বিদেশি? জেনে নিন

গত বছর দলে থাকা মহম্মদ রশিদ এবং ইতিমধ্যেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামা দানি রামিরেজ স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ভরসা দিয়েছেন। আরো দুই বিদেশি নাচো মনসালভে ও এনসুঙ্গুসি এফিয়ং এই সপ্তাহেই কলকাতায় এসে পড়বেন বলে খবর।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্রাক্তন উইঙ্গার এ বার লাল-হলুদ ব্রিগেডে, কে এই নয়া বিদেশি? জেনে নিন

Photo: X

অস্ট্রেলিয়ার জাতীয় দলের মাঝমাঠ সামলেছেন তিনি। কখনো খেলেছেন রাইট উইঙ্গার হিসেবেও। গত মরসুম পর্যন্ত খেলেছেন সেখানকার লিগে ম্যাকারথার এফসি-র হয়ে। এ বার সেই উইঙ্গারকে সই করাল ইস্টবেঙ্গল এফসি। ক্রিস ইকোনোমিডিসকে এ মরসুমে লাল-হলুদ বাহিনীর আক্রমণে সক্রিয় ভূমিকায় দেখা যাবে, সমর্থকদের আশা সে রকমই।

সোমবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয় দু’বছরের চুক্তিতে তাঁকে নিয়ে আসা হয়েছে। গত মরসুমে ম্যাকারথার এফসি-র জার্সি গায়ে ১৯টি ম্যাচ খেলেন ক্রিস। তার মধ্যে ১৪টি ছিল এ লিগের ম্যাচ ও পাঁচটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর ম্যাচ। বেশিরভাগ ম্যাচেই তিনি উইঙ্গার হিসেবে খেলেন। লিগে একটি ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এ একটি গোল করেন। সব মিলিয়ে তিনটি অ্যাসিস্টও করেন ৩১ বছর বয়সি এই ফুটবলার।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন ২০১৫ থেকে। মোট ১৬টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। দু’টি গোল করেছেন ও পাঁচটি করিয়েছেন। গোল করেছেন ওমান ও সিরিয়ার বিরুদ্ধে। সবচেয়ে বেশি চারটি অ্যাসিস্ট করেন এএফসি এশিয়ান কাপে। দেশের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেন ২০২১-এর অক্টোবরে, জাপানের বিরুদ্ধে।

মাঝমাঠ ও উইং—দুই পজিশনেই খেলতে অভ্যস্ত হওয়ায় তিনি ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছেন, এমনই আশা সমর্থকদের। গত বছর দলে থাকা মহম্মদ রশিদ এবং ইতিমধ্যেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামা দানি রামিরেজ স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে ভরসা দিয়েছেন। আরো দুই বিদেশি নাচো মনসালভে ও এনসুঙ্গুসি এফিয়ং এই সপ্তাহেই কলকাতায় এসে পড়বেন বলে খবর। তাঁদের সঙ্গে এ বার যোগ দিতে চলেছেন ক্রিস ক্রিস ইকোনোমিডিসও। ক্রমশ ঘর গুছিয়ে তুলছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা।