ইথানল মিশ্রিত পেট্রল বা ‘ই ২০’ জ্বালানি নিয়ে তৈরি বিতর্ক এবার আদালতে পৌঁছল। নিজের নাম ব্যবহার করে ভুয়ো ভিডিও, ডিপফেক এবং এআই-নির্মিত কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। সোমবার তাঁকে এই বিষয়ে মামলা করার অনুমতি দিয়েছে আদালত।
বম্বে হাইকোর্ট জানিয়েছে, গড়করি তাঁর বিরুদ্ধে অবমাননাকর ভিডিও, ডিপফেক কনটেন্ট এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে মেটা, গুগল এলএলসি, এক্স-সহ বিভিন্ন সমাজমাধ্যম সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের ‘ই ২০’ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই সরব নীতিন গড়করি। তিনি একাধিকবার পেট্রলে ইথানল মেশানোর পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, ইথানল ব্যবহারে দেশের জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমবে এবং কৃষকদেরও উপকার হবে। তবে তাঁর এই অবস্থানকে কেন্দ্র করে সমাজমাধ্যমে নানা অভিযোগ ছড়িয়ে পড়ে।
অভিযোগ করা হয়েছে, গড়করির পরিবারিক ব্যবসা সংক্রান্ত স্বার্থের কারণেই তিনি ‘ই ২০’ জ্বালানির পক্ষে প্রচার করছেন। এই দাবি অবশ্য নীতিন গড়করি অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তাঁর নাম ও বক্তব্য বিকৃত করে বিভিন্ন ভিডিও এবং এআই-নির্মিত কনটেন্ট তৈরি করা হচ্ছে।
গড়করির আইনজীবী বম্বে হাইকোর্টে জানিয়েছেন, ‘ই ২০’ নীতি নির্ধারণের বিষয়টি কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আওতাধীন। অথচ এই প্রকল্পের সঙ্গে গড়করির নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে। শুধু মহারাষ্ট্র নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই ভিডিও দেখছেন। তাই বম্বে হাইকোর্টে এই মামলার শুনানি হওয়া উচিত বলে সওয়াল করেন তিনি। আদালত সেই যুক্তি মেনে মামলা করার অনুমতি দিয়েছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে নাগপুরে ৪ জন নেটপ্রভাবীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। অভিযোগ, তাঁরা ‘ই ২০’ প্রকল্পের সঙ্গে নীতিন গড়করির নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। অভিযুক্তদের মধ্যে ইউটিউবার মণীশ কাশ্যপ, ‘দেশি বয়েজ’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হর্ষিত রাঠী ও আঙ্কলিশ ইনভাটি রয়েছেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রের ইথানল ব্লেন্ডিং কর্মসূচির আওতায় বর্তমানে পেট্রলে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো হয়। যা ‘ই ২০’ জ্বালানি নামে পরিচিত। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে অপরিশোধিত তেলের আমদানি কমানো, পরিবেশ দূষণ হ্রাস এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্য রয়েছে। ‘ই ২০’ জ্বালানি নিয়ে সাধারণ গাড়ি চালকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকের অভিযোগ, ইথানল মেশানো পেট্রলে গাড়ির মাইলেজ কমছে। সম্প্রতি এই প্রসঙ্গে গড়করি জানিয়েছেন, সাধারণভাবে গাড়ির যাঁরা মালিক তাঁরা নিজেরা মাইলেজের সঠিক হিসাব করতে পারবেন না। এ বিষয়ে অনুমোদিত ডিলারদের পরামর্শের উপর নির্ভর করতে হবে।
‘ই ২০’ প্রকল্প নিয়ে বিতর্কের মধ্যেই ডিপফেক ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ নতুন করে ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তি মোকাবিলার প্রশ্নকেও সামনে এনে দিয়েছে। গড়করির আদালতের দ্বারস্থ হওয়া সেই লড়াইয়েরই অংশ বলে মনে করা হচ্ছে।




