ছুটির দিন সকাল থেকে বৃষ্টির দেখা নেই। তবে আকাশের মুখ ভার। রবিবার কলকাতায় সকাল থেকে মূলত মেঘলা আকাশেরই দেখা মিলছে। তবে কখনও কখনও এক চিলতে রোদেরও দেখা মিলছে। তবে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
মৌসুমি অক্ষরেখা বাংলার উপরে সক্রিয় রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি নিম্নচাপ রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার এক-দু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে মেঘের মধ্যেও সকাল থেকে হালকা রোদের দেখা মিলেছে। আজ কলকাতার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
উত্তরবঙ্গে কেমন থাকবে পরিস্থিতি?
রবিবার উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।




