মরসুমের প্রথম ম্যাচেই জয়, তাও আবার তাঁর নিজের গোলে। সহাল আব্দুল সামাদের মরসুম শুরুটাই হল দুর্দান্ত ভাবে। এমন ভাবে মরসুম শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি সহাল।
শনিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে কেরালিয়ান তারকা বলেন, ‘কোচ তো আগেই বলেছিলেন, আমাদের কাছে সব ম্যাচই ডার্বি। মরসুমের প্রথম টুর্নামেন্ট জিতে খুবই ভাল লাগছে। তার ওপর আমার গোলেই দল জিতেছে, এটা আমার বাড়তি প্রাপ্তি। আমরা আজ দল হিসেবে খেলে জিতেছি। কোচ যেমন বলেছেন, সবাই তেমনই করার চেষ্টা করেছি। আশা করি, যত দিন যাবে, আমরা আরো অপ্রতিরোধ্য হয়ে উঠব’।
এ দিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল বক্সের মধ্যে তাঁর নেওয়া একটি শট জিকসন সিংয়ের হাতে লাগলেও রেফারি পেনাল্টি দেননি। সহাল পেনাল্টির জোরালো আবেদন করলেও তাতে কর্ণপাত করেননি রেফারি লক্ষয়। এই ঘটনা নিয়ে সহাল বলেন, ‘ওটা হ্যান্ডবল ছিল কি না জানি না। তখন ভেবেছথিলাম ওটা হ্যান্ডবল, কিন্তু রেফারি বললেন, ওটা অনিচ্ছাকৃত হয়েছে। রেফারির সিদ্ধান্তই শেষ কথা। তাই ওঁর সিদ্ধান্তকে সন্মান জানাতেই হবে’।
মরসুমের প্রথম গোল কাকে উৎসর্গ করলেন কাকে, এই প্রশ্ন করতে শনিবার ডার্বিতে জয়ের নায়ক বলেন, ‘আমার স্ত্রীকে এই গোলটা উৎসর্গ করছি। তিন বছর ধরে আমাকে অনেক সমর্থন জুগিয়ে আসছে ও। তাই ওকেই এই গোলটা উৎসর্গ করা উচিত’।
শুধু গোল দেওয়াই নয়, একাধিক গোলের সুযোগও এ দিন তৈরি করেন সহাল। এ দিন নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি কখনো নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হই না এবং দলের সাফল্যে সব সময় অবদান রাখার চেষ্টা করি। কোচ যথেষ্ট সাহায্য করেন। আমরা এই কয়েক দিনে যে প্রস্তুতি নিয়েছি, তা যে ভালোই হয়েছে, তা নিশ্চয়ই বোঝা গিয়েছে। আমরা সব সময়ই ভালো খেলতে চাই। এই মরসুমে আরো ভালো খেলতে হবে আমাদের। তবে আমরা আরো লড়াই করব। আরো ভাল খেলতে হবে আমাদের। গোটা দলটাই আরো ভালো খেলবে’।




