• facebook
  • twitter
  • youtube
Saturday, 25 July, 2026

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কী পরিস্থিতি?

আজ মহানগরীর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কী পরিস্থিতি?

Photo: Magnific

গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার সকালেও কলকাতার কয়েকটি জায়গায় কিছুক্ষণের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিন্তু সপ্তাহান্তে কি ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই দুই জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের কয়েকদিন যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই জন্য ২৪-২৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে শনিবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহে উত্তরবঙ্গের একাংশে বৃষ্টির দাপট বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সকালের দিকে আকাশ কালো করে হালকা বৃষ্টি হয়েছে। তবে আজ মহানগরীর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।