• facebook
  • twitter
  • youtube
Saturday, 25 July, 2026

গ্রেপ্তার টেট প্রশ্নফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত, দেশজুড়ে চক্রের খোঁজে মহারাষ্ট্র পুলিশ

তদন্তকারীদের সন্দেহ, পরীক্ষার প্রশ্ন সংগ্রহ ও তা বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়ার জন্য বীরেন্দ্র কুমার গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও তদন্তাধীন।

গ্রেপ্তার টেট প্রশ্নফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত, দেশজুড়ে চক্রের খোঁজে মহারাষ্ট্র পুলিশ

Photo: Statesman

অবশেষে পুলিশের জালে মহারাষ্ট্রে টেট প্রস্নফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর বিহার থেকে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত বীরেন্দ্র কুমার গুপ্ত। পুলিশ সূত্রের খবর, একাধিক দফায় অভিযান চালানোর পর ভিওয়ান্ডি পুলিশ শনিবার সকালে তাকে আটক করে। তদন্তকারীদের দাবি, প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূল অভিযুক্ত ছিলেন তিনি। এর আগেই তার স্ত্রী সুমন গুপ্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

পুলিশ সূত্রের খবর, বীরেন্দ্র কুমার গুপ্তকে গ্রেপ্তারের জন্য মহারাষ্ট্র পুলিশের বিশেষ দল বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। অভিযানের সময়ে পুলিশ আরও এক ব্যক্তিকে আটক করে। যিনি এই মামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। যদিও তার পরিচয় ও টেট প্রশ্নফাঁস কাণ্ডের সঙ্গে তিনি কীভাবে জড়িত, সেই বিষয়ে কোনও তথ্য পুলিশ প্রকাশ করেনি।

জানা গিয়েছে, শীঘ্রই বীরেন্দ্র কুমার গুপ্তকে আদালতে তোলা হবে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্রে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানাবে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, পরীক্ষার প্রশ্ন সংগ্রহ ও তা বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়ার জন্য বীরেন্দ্র কুমার গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও তদন্তাধীন। দেশের অন্যান্য রাজ্যে সংঘটিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গেও তার কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে অন্য কোনও রাজ্যের প্রশ্নফাঁস চক্রের কোনও যোগাযোগ ছিল কি না। এর পাশাপাশি আর্থিক লেনদেন, মধ্যস্থাকারীদের ভূমিকা ওবং গোটা নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হত, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন ছিল টেট পরীক্ষা। সেই পরীক্ষার ঠিক আগের দিন মহারাষ্ট্রে টেট প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। সেই সময়ে পরীক্ষা স্থগিত রাখা হয়। ফের কবে নতুন পরীক্ষা হবে তা মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগজামিনেশনের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা জেনে নিতে পারবেন।

এদিকে, কেন্দ্রীয় সরকার প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর আইন আনার উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীসভা ইতিমধ্যেই পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট, ২০২৪-এ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, সংগঠিত প্রশ্নফাঁসের ঘটনায় সবোর্চ্চ ১০ বছরের কারাদণ্ড ওবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান দেওয়া হয়েছে। এছাড়া দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কথাও আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।