• facebook
  • twitter
  • youtube
Friday, 24 July, 2026

ভবিষ্যতের স্পিনার তৈরির দায়িত্ব পেয়েই প্রাথমিক সাফল্য পেলেন বাংলার সৌরাশিস, কী সেই সাফল্য, জেনে নিন

লাল বলের ক্রিকেটে ভবিষ্যৎ প্রজন্মকে খুঁজে বের করার উদ্দেশ্য নিয়ে আয়োজিত ইমার্জিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত ‘এ’ দল,

ভবিষ্যতের স্পিনার তৈরির দায়িত্ব পেয়েই প্রাথমিক সাফল্য পেলেন বাংলার সৌরাশিস, কী সেই সাফল্য, জেনে নিন

PIC- X

লাল বলের ক্রিকেটে ভবিষ্যৎ প্রজন্মকে খুঁজে বের করার উদ্দেশ্য নিয়ে আয়োজিত ইমার্জিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত ‘এ’ দল, যে দলের কোচ ছিলেন ওয়াসিম জাফর ও তাঁর সহকারী কোচ ছিলেন বাংলার প্রাক্তন স্পিনার ও কোচ সৌরাশিস লাহিড়ী।

ভারতীয় ক্রিকেট বোর্ড এই দলের বোলারদের দেখভালের দিয়েছিল সৌরাশিসকে। ইমার্জিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জাফর ও সৌরাশিসের প্রশিক্ষণাধীন দল। সেই দলের হয়ে খেলেন উত্তর প্রদেশের ২১ বছর বয়সী লেগস্পিনার বিপ্রজ নিগম। যিনি রঞ্জি ট্রফিতেও নজর কেড়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেন। আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় টেস্ট দলে দেখা যেতে পারে তরুণ লেগস্পিনারকে।

এ ছাড়াও গুজরাতের বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই, বরোদার অফস্পিনার মহেশ পিঠিয়া, লেগস্পিনার জিশান আনসারিরাও রয়েছেন জাতীয় নির্বাচকদের নজরে। স্পিনারদের নতুন প্রজন্মকে ক্রমশ সামনে নিয়ে আসার কাজ করছেন যাঁরা, তাঁদের মধ্যে রয়েছেন বাংলার সৌরাশিসও। ভারতীয় টেস্ট দলের দোরগোড়ায় যে কড়া নাড়ছেন এই তরুণ স্পিনাররা, এই ব্যাপারে নিশ্চিত তাদের গুরু সৌরাশিসও।

তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড এত বিজ্ঞানসম্মত, অত্যাধুনিক চিন্তাভাবনা মেনে চলে, এত পেশাদার একটা পদ্ধতি অনুসরণ করা হয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে, যে টেস্ট দল এ বার আরো উন্নত হয়ে উঠবে। ইমার্জিং টুর্নামেন্টেও এক ঝাঁক প্রতিভাবান ছেলেকে ভীষণ ভাল লেগেছে। সবচেয়ে বড় কথা, একানকার পরিবেশটাই অন্যরকম। সিওই প্রধান ভি ভি এস লক্ষ্মণ তো ছিলেনই, সেই সঙ্গে সিনিয়র ও জুনিয়র জাতীয় নির্বাচকেরা, এক ঝাঁক অভিজ্ঞ কোচ, সকলে মিলে দারুণ একটা টুর্নামেন্ট হলো। লাল বলের ক্রিকেটে যে ভারতীয় বোর্ড বাড়তি জোর দিচ্ছে, এটা খুবই ভালো। এই ফর্ম্যাটেও জাতীয় দল শীঘ্রই ঘুরে দাঁড়াবে। সেই কাজও শুরু হয়ে গিয়েছে’।

কয়েক মাস আগে অবশ্য এই সৌরাশিসকেই বাংলার সব দলের কোচেদের প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয় কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখিয়ে। তবে সে সব নিয়ে আর ভাবতে চান না তিনি। এখন সামনে দিকে তাকানোর পালা তাঁর। ভারতীয় স্পিনারদের তরুণ প্রজন্ম এখন আংশিক ভাবে তাঁর হাতে। তাই সেই লক্ষ্যেই এগোতে চান তিনি।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স ভালো হয়নি। দেশের মাটিতে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। সেই সিরিজে স্পিনার হিসাবে খেলেছিলেন রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল। ওয়াশিংটন ও অক্ষর বল হাতে কিছুই করতে পারেননি। জাডেজা ও কুলদীপেরও ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। তাই বিকল্প ব্যবস্থা করে রাখতে চাইছে বোর্ড। দু-একজন ভাল মাপের রিস্টস্পিনার তৈরি রাখতে চান নির্বাচকেরা। যাঁরা কব্জির ভেল্কিতে বাজিমাত করতে পারবেন। এখন তাঁদেরই তৈরি করার দায়িত্বে রয়েছেন সৌরাশিস।