• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

২৪ ঘণ্টায় ১০৬৪ মিমি বৃষ্টি, গুজরাতে নজির! দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বর্ষণ উমরগামে

আইএমডি জানিয়েছে, আগামী কয়েক দিনও বলসাড-সহ দক্ষিণ গুজরাতের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

২৪ ঘণ্টায় ১০৬৪ মিমি বৃষ্টি, গুজরাতে নজির! দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বর্ষণ উমরগামে

Gujarat Umargram Rainfall Photo-SNS

টানা বর্ষণে বিপর্যস্ত গুজরাত। বলসাড জেলার উমরগামে মাত্র ২৪ ঘণ্টায় ১,০৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যা দেশের ইতিহাসে এক দিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। এই নজিরের কথা নিশ্চিত করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় উমরগামে এই রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৯৯৫ সালের ১৬ জুন মেঘালয়ের চেরাপুঞ্জির সোহরাতে ১,৫৬৩.৩ মিলিমিটার এবং ২০০৪-এর ৬ মে লক্ষদ্বীপের আমিনিদিভিতে ১,১৬৮.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই তালিকাতেই জায়গা করে নিল গুজরাতের উমরগাম।

গত ১৭ জুলাই থেকে দক্ষিণ গুজরাতে লাগাতার ভারী বর্ষণ চলছে। বলসাড জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উমরগাম ও কাপরাডা। কাপরাডায় ইতিমধ্যেই মোট বৃষ্টিপাত ১,৪৯৫ মিলিমিটার ছাড়িয়েছে। জেলায় প্রায় ২০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে সুরাতে জলমগ্ন একাধিক এলাকা। ভেদওয়াড় ও সিমাড়া খাড়ি উপচে শহরে জল ঢুকে পড়ায় প্রায় ২,২৪০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য ও নিম্ন ট্রপোস্ফিয়ারে তৈরি ঘূর্ণাবর্ত, স্বাভাবিক অবস্থানের দক্ষিণে সরে যাওয়া মৌসুমি অক্ষরেখা এবং জম্মু-সংলগ্ন পশ্চিমী ঝঞ্ঝার সম্মিলিত প্রভাবে দক্ষিণ গুজরাতে এই অতি ভারী বৃষ্টি হয়েছে। ২২ জুলাই কাপরাডাতেও ৪১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

আইএমডি জানিয়েছে, আগামী কয়েক দিনও বলসাড-সহ দক্ষিণ গুজরাতের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলসাড, পাঁচমহল, মহিসাগর ও দাহোদে লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া ১১টি জেলায় কমলা এবং ১০টি জেলায় হলুদ সতর্কতা রয়েছে।

এদিকে, বর্ষা মরসুমের নির্ধারিত মোট বৃষ্টিপাতের প্রায় ৩১ শতাংশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে গুজরাতে। রাজ্যের ২০৬টি জলাধারের সম্মিলিত ধারণ ক্ষমতার ৪১ শতাংশ এবং নর্মদা বাঁধের ৬৮ শতাংশ ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে।