মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ বহরমপুর স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়কপথে গোবিন্দপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই বহরমপুর ও গোবিন্দপুরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বহরমপুর স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের আগে থেকেই মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশকর্মী। অন্যদিকে, গোবিন্দপুর গ্রামেও নিরাপত্তা জোরদার করা হয়। গ্রামে প্রবেশের বিভিন্ন রাস্তায় পুলিশি নজরদারি বাড়ানো হয় এবং গোটা এলাকা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়।
মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য গোবিন্দপুরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই দুর্ঘটনায় নিহতদের পরিজন ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রশাসনের শীর্ষ কর্তাদেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বহরমপুরের গোবিন্দপুর এলাকায় একটি পুলকার দুর্ঘটনায় চার জন পড়ুয়া-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের আবহ তৈরি হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এ দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে বহরমপুর সফরে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গোবিন্দপুরে দুর্ঘটনায় মৃত ও জখমদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন তিনি মৃত পাঁচজনের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। জখমদের পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।




