• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা যাত্রীর ব্যাগে মিলল জীবন্ত বিদেশি কচ্ছপ, বিমানবন্দরে আটক

বুধবার সকালে ওই যাত্রী কলকাতা বিমানবন্দরে নামার পর তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একাধিক রেড ইয়ার্ড স্লাইডার প্রজাতির কচ্ছপ

ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা যাত্রীর ব্যাগে মিলল জীবন্ত বিদেশি কচ্ছপ, বিমানবন্দরে আটক

Image: SNS

ব্যাঙ্কক থেকে কলকাতায় আসা এক যাত্রীর কাছ থেকে জীবন্ত বিদেশি কচ্ছপ উদ্ধার করল কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তর। বুধবার সকালে ওই যাত্রী কলকাতা বিমানবন্দরে নামার পর তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একাধিক রেড ইয়ার্ড স্লাইডার প্রজাতির কচ্ছপ। এই প্রজাতির বিদেশি কচ্ছপ বৈধ অনুমতি ছাড়া ভারতে আনা নিষিদ্ধ।

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং এরিয়া কন্ট্রোল সেন্টারের (এসিসি) যৌথ তৎপরতায় ওই যাত্রীকে নজরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে জীবন্ত কচ্ছপগুলি উদ্ধার করা হয়।

ঘটনার পর ১৯৬২ সালের শুল্ক আইন এবং ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শুল্ক দফতর।

কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তরের কমিশনার জানিয়েছেন, বন্যপ্রাণ পাচার এবং চোরাচালান রুখতে তাঁদের ‘শূন্য সহনশীলতা’ (Zero Tolerance) নীতি রয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও পাচারচক্র জড়িত কি না, কোথা থেকে কচ্ছপগুলির বরাত এসেছিল, কী উদ্দেশ্যে সেগুলি ভারতে আনা হচ্ছিল এবং শেষ পর্যন্ত কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল— সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া কচ্ছপগুলি আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।