আসন্ন ডুরান্ড কাপের জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার মাঝেই রবিবার একই দিনে দুই ফুটবলার দেজান দ্রাজিচ ও অ্যালেক্স সাজিকে দলে নেওয়ার ঘোষণা করল সবুজ-মেরুন শিবির।
দু’বছরের চুক্তিতে দলে যোগ দিয়েছেন ৩০ বছর বয়সি সার্বিয়ান মিডফিল্ডার দেজান দ্রাজিচ। গত দুই মরসুমে এফসি গোয়ার হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। ভারতে আসার আগে স্পেনের সেল্টা ভিগো ও রিয়াল ভালাদোলিদের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন সার্বিয়ান এই মিডফিল্ডার। গতবছর আইএসএলে ছ’টি গোল ও দুটি অ্যাসিস্ট করা দ্রাজিচ সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত। জানিয়েছেন, মোহনবাগানের ঐতিহ্য, সমর্থকদের আবেগ এবং কলকাতা ডার্বির উত্তেজনাই তাঁকে এই ক্লাবে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। জানা গিয়েছে, আগামী বুধবার কলকাতায় আসবেন তিনি।
একইসঙ্গে, রক্ষণকে আরও শক্তিশালী করতে তিন বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সি সেন্টার-ব্যাক অ্যালেক্স সাজিকে। কেরলের এই ফুটবলার অতীতে গোকুলাম কেরালা, কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে খেলেছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার সাজি অ্যারিয়াল বলে দক্ষ বলে বিশেষ পরিচিত। আজ শহরে পা রাখতে চলেছেন তিনি।
পাশাপাশি এদিন কলকাতায় পা রাখলেন দলের নতুন কোচ প্যানজিওটিস ডিলম্পেরিস। মানবন্দরে তাঁকে সবুজ মেরুন উত্তরীয়, মালা এবং ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হাজির ছিলেন বেশ কিছু সমর্থক।
অন্যদিকে, কলকাতা লিগের ম্যাচে রবিবার কালীঘাট মিলন সংঘকে ৩-০ গোলে হারালো সবুজ-মেরুন ব্রিগেড। এদিন দলের হয়ে গোলগুলি করেন মনবীর সিং, দীপেন্দু বিশ্বাস এবং তন্ময় ঘোষ। মূলত, আসন্ন ডুরান্ড কাপ ডার্বি ম্যাচের কথা মাথায় রেখেই এই ম্যাচে সিনিয়র দলের একাধিক ফুটবলারকে মাঠে নামানো হয়েছিল। তাতেও অবশ্য গোল পেতে ৭৫ মিনিট অবধি অপেক্ষা করতে হলো সবুজ-মেরুন ব্রিগেডকে। অফসাইডে একটি গোল বাতিল হয়। তাছাড়া চিন্তায় রাখবে গোল মিসের প্রবণতা | পাশাপাশি, বেশকিছু দুর্দান্ত সেভ করেন কালীঘাটের গোলকিপার রঞ্জন সরেন। অবশেষে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর। পরবর্তীকালে, ৮২ মিনিট নাগাদ সবুজ-মেরুনের হয়ে দ্বিতীয় গোলটি করে যান তন্ময় ঘোষ। আর খেলার একেবারে শেষলগ্নে দলের হয়ে ব্যবধান বাড়ান দীপেন্দু বিশ্বাস।
তবে, এই ম্যাচে খেললেও মোহনবাগান ছেড়ে সম্ভবত চেন্নাইয়ান এফসিতে যোগ দিতে চলেছেন সবুজ-মেরুন ব্রিগেডের এই বঙ্গসন্তান। তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল এফসি গোয়াও। যদিও, শেষপর্যন্ত হয়তো দক্ষিণী দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি। এদিকে, রবিবার ঘরের মাঠে এই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের নবাগত হেড কোচ প্যানজিওটিস ডিলম্পেরিস।




