• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

বেসরকারি সংস্থার হাত ধরে সফলভাবে মহাকাশে বিক্রম-১, ইতিহাস গড়ার পথে ভারত

রকেটে শক্তিশালী সলিড-ফুয়েল বুস্টার ও অত্যাধুনিক ৩ডি-প্রিন্টেড লিকুইড ইঞ্জিন রয়েছে। এটি পুরো কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইসরো এই অভিযানে বিভিন্নভাবে সাহায্য করছে।

বেসরকারি সংস্থার হাত ধরে সফলভাবে মহাকাশে বিক্রম-১, ইতিহাস গড়ার পথে ভারত

Photo: Statesman

ভারতের মুকুটে নয়া পালক। শনিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারত। এবার আর ইসরো নয়, বেসরকারি সংস্থার হাত ধরে মহাকাশে পাড়ি দিল বিক্রম-১। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হল ভারতের প্রথম অরবিটাল রকেট। বিক্রম-১-এর সফল উৎক্ষেপণের আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিক্রম-১ রকেটটি স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি। মিশন আগমন-এর অধীনে ভারতের প্রথম অরবিটাল রকেট মহাকাশে পাড়ি দিয়েছে। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টায় বিক্রম-১-এর মহাকাশের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু পাঁচ মিনিট আগে তা স্থগিত হয়ে যায়। তবে পরে দুপুর ১২টা ৫ মিনিটে বিক্রম-১ উৎক্ষেপণ করে। তবে শেষ মুহূর্তে কেন সময়ের বদল ঘটল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

এদিন সকালে বিক্রম-১ নিয়ে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন হল। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম-১ আজ সকাল সাড়ে ১১টায় প্রথম উৎক্ষেপন সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা ও উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। স্কাইরুট অ্যারোস্পেসের গোটা দলকে আমার শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে।’ সবশেষে নরেন্দ্র মোদী টিম স্কাইরুটের সাফল্য কামনা করেছেন।

বিক্রম-১ স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি একটি অরবিটাল রকেট। এই রকেট লো আর্থ অরবিটে ৩৫০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। এই রকেটে শক্তিশালী সলিড-ফুয়েল বুস্টার ও অত্যাধুনিক ৩ডি-প্রিন্টেড লিকুইড ইঞ্জিন রয়েছে। এটি পুরো কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইসরো এই অভিযানে বিভিন্নভাবে সাহায্য করছে। সরকারি সংস্থা ইসরো মহাকাশে এতদিন রকেট পাঠাত। এবার একটি বেসরকারি সংস্থার তৈরি রকেট প্রথম মহাকাশের উদ্দেশে পাড়ি দিল।

আরও পড়ুন: Explained: কারও পদত্যাগপত্র নেওয়া হবে না: কড়া ফতোয়া কেন্দ্রের, বিজ্ঞানীদের ইসরো ছাড়ার হিড়িক কেন?

এই মিশনে বেসরকারি সংস্থা স্কাইরুটের নিজস্ব স্কোপ উপগ্রহ ছাড়া ভারতের গ্রহ স্পেশ-এর সোলারাস এস৩ (SOLARAS S3), জার্মানির ডিসিইউবিইডি (DCUBED) ও কস্মোসার্ভ-এর এমব্রেস নামে একটি রোবটিক আর্ম মহাকাশে পাঠানো হবে। আপাতত বিক্রম-১ সফল হওয়ার দিকে তাকিয়ে গোটা দেশ।