নিউ জার্সিতে রবিবার স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামছে আর্জেন্টিনা। সেই মহারণের আগে ফুটবলপ্রেমীদের চিরকালীন বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতীয় ফুটবল কিংবদন্তি ভাইচুং ভুটিয়া।লিওনেল মেসি না দিয়েগো মারাদোনা কে বড় ফুটবলার— এই নিয়ে নিজের মত স্পষ্ট করে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, মেসি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু বিশ্বকাপের মঞ্চে মারাদোনার সমান উচ্চতায় পৌঁছতে গেলে তাঁকে আরও একবার বিশ্বকাপ জিততেই হবে।
ভাইচুং বলেন, ‘বিশ্বকাপে মেসির সঙ্গে মারাদোনার তুলনা করলে আমি এখনও মারাদোনাকেই এগিয়ে রাখব। ১৯৮৬ সালে তিনি কার্যত একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন’।২০২২-এ কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির কৃতিত্বও স্বীকার করেছেন ভারতের প্রাক্তন তারকা। তবে তাঁর মতে, ‘মেসি ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জিতেছে। আমার মতে, মেসি যদি এ বারও বিশ্বকাপ জেতে, তা হলে ও মারাদোনার সমান মর্যাদা পাবে’।তবে ফাইনালের আগে আর্জেন্টিনার চেয়ে স্পেনকেই সামান্য এগিয়ে রাখছেন ভাইচুং। তাঁর যুক্তি, বর্তমান স্প্যানিশ দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ।
ভাইচুং বলেন, ‘স্পেনই সামান্য এগিয়ে মনে হচ্ছে। ওদের দলটা অনেক বেশি পরিপূর্ণ। বিশেষ করে মাঝমাঠ অসাধারণ শক্তিশালী’।যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন, ফাইনালের মতো ম্যাচে লিওনেল মেসির মতো ফুটবলার থাকলে কোনও ভবিষ্যদ্বাণীই নিশ্চিত নয়।ভাইচুংয়ের কথায়, ‘আর্জেন্টিনার দলে যখন মেসির মতো ফুটবলার রয়েছে, তখন যে কোনও কিছুই সম্ভব। ও একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে’।রবিবারের ফাইনালে তাই এক দিকে যেমন থাকবে স্পেনের সুসংগঠিত দলগত ফুটবল, অন্য দিকে মেসি-ম্যাজিক। আর এই ম্যাচই হয়তো নির্ধারণ করে দিতে পারে—বিশ্বকাপের ইতিহাসে মেসি আদৌ মারাদোনার পাশে একই আসনে বসবেন কি না।




