• facebook
  • twitter
  • youtube
Thursday, 16 July, 2026

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা, রথের রশিতে টান পড়ার আগেই ভাসবে কলকাতা?

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা, রথের রশিতে টান পড়ার আগেই ভাসবে কলকাতা?

Photo: AI

ভোর রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা। রথের দিন, জগন্নাথদেবের রথের রশিতে টান পড়ার আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা সকাল থেকে বৃষ্টিতে ভিজতে শুরু করেছে। রোদের সেভাবে দেখা নেই বললেই চলে। কলকাতাতেও আজ বৃষ্টির পাশাপাশি মেঘলা আকাশের দেখা মিলছে। কিন্তু বিকেলে রথযাত্রার আগে কি ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রথের দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

রথযাত্রার দিন কলকাতায় আজ সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার শহরের একাংশে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বৃহস্পতিবার সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।