• facebook
  • twitter
  • youtube
Tuesday, 14 July, 2026

বারাসত ইসকন পেল ৫ লক্ষ টাকার সরকারি অনুদান

অনুষ্ঠানে ছিলেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায়

বারাসত ইসকন পেল ৫ লক্ষ টাকার সরকারি অনুদান

Image: SNS

রথযাত্রা উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বারাসত ইসকনকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান দিল রাজ্য সরকার। বারাসত জেলা শাসকের কার্যালয়ে ইসকনের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায় এবং বারাসত সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন।

রাজ্য সরকারের উদ্যোগে এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় রথযাত্রা পরিচালনাকারী সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বারাসত ইসকন এই অনুদান পেয়েছে। এই সহায়তার ফলে চলতি বছরের রথযাত্রা আরও বৃহৎ পরিসরে এবং অধিক সংখ্যক ভক্তের অংশগ্রহণে আয়োজন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইসকনের প্রতিনিধিরা। তাঁরা রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই প্রসঙ্গে বিধায়ক শংকর চট্টোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, উন্নয়নের পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকেও সমান গুরুত্ব দিতে হবে। উন্নয়ন আর সংস্কৃতি— দু’টিই একসঙ্গে এগিয়ে চলবে। সেই ভাবনাকেই বাস্তব রূপ দিতে আমাদের সরকার কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের উদ্যোগেই রথযাত্রার মতো ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলিকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। এই অনুদান শুধু একটি আর্থিক সাহায্য নয়, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতীক।’
শংকরের কথায়, ‘রাজ্য সরকার চায় বাংলার প্রতিটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব আরও সুন্দরভাবে পালিত হোক। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ুক এবং বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে পৌঁছে যাক। সেই লক্ষ্য নিয়েই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’