• facebook
  • twitter
  • youtube
Saturday, 12 September, 2026

রাজনীতির মঞ্চ থেকে রেকর্ডিং স্টুডিওতে দিলীপ ঘোষ, ঝালমুড়িকে কেন্দ্র করে গানে কণ্ঠ দিলেন পঞ্চায়েত মন্ত্রী

ঝালমুড়ি নিয়ে গান বাঁধেন শিল্পী লোকেশ গিরি এবং তাঁর স্ত্রী শিল্পী রিমাশ্রী। আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলে যান সেই গান রেকর্ড করতে

রাজনীতির মঞ্চ থেকে রেকর্ডিং স্টুডিওতে দিলীপ ঘোষ, ঝালমুড়িকে কেন্দ্র করে গানে কণ্ঠ দিলেন পঞ্চায়েত মন্ত্রী

Image: SNS

স্পষ্টভাষী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত পঞ্চায়েত মন্ত্রী এবং খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বিরোধীদের কড়া সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় দেখা যাবে তাঁকে। রাজনীতির মঞ্চের বাইরে  মাইক্রোফোন তুলে রেকর্ডিং স্টুডিওতে দেখা গেল তাঁকে। ঝালমুড়িকে কেন্দ্র করে একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে দিলীপ ঘোষ পৌঁছন চিনার পার্ক সংলগ্ন একটি রেকর্ডিং স্টুডিওতে। সেখানে শিল্পী লোকেশ গিরি এবং তাঁর স্ত্রী রিমাশ্রীর লেখা ও সুর করা ঝালমুড়ি গানের রেকর্ডিংয়ে গলা মেলান তিনি। গানটির কথায় বাঙালির অত্যন্ত জনপ্রিয় খাবার ঝালমুড়িকে ঘিরে একাধিক মজার উপমা এবং হালকা মেজাজের কথা তুলে ধরা হয়েছে।

চলতি বছরের ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামের একটি রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোকানির সঙ্গে কথোপকথন এবং স্থানীয়দের সঙ্গে সেই মুহূর্তের ভিডিও পরে নিজের সামজমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। তা নিয়ে রাজনৈতিক এবং সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ঝালমুড়ি।

এর কিছুদিন পর কৃষ্ণনগরের একটি নির্বাচনী সভায় সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের’। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। এরপর থেকেই বিজেপির বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক আলোচনায় ঝালমুড়ি যেন একটি প্রতীকী বিষয় হয়ে ওঠে।

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জুন মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিএ-র একটি বৈঠকেও ঝালমুড়ি খাওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি পরিবেশন করতে দেখা যায়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়।

এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই ঝালমুড়িকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন এই গানে কণ্ঠ দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনীতির বাইরে তাঁর এই নতুন পরিচয় দর্শক-শ্রোতাদের কতটা আকৃষ্ট করবে, তা সময়েই বলবে। তবে রাজনৈতিক আঙ্গিনায় ঝালমুড়ির প্রবেশ এবং তা নিয়ে দিলীপ ঘোষের কণ্ঠে গান—সব মিলিয়ে গানটি প্রকাশের পর তা যে বিশেষভাবে আলোচনায় থাকবে, সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।