• facebook
  • twitter
  • youtube
Thursday, 9 July, 2026

পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতিতে বদলে গেল আন্তজার্তিক উড়ানপথ, চাপে ভারতীয় বিমান সংস্থাগুলি

অতিরিক্ত সময় আকাশে থাকার জন্য প্রতিটি আন্তজার্তিক বিমানে হাজার হাজার গ্যালন বেশি জ্বালানি খরচ হচ্ছে। এতে বিমান সংস্থাগুলির আর্থিক চাপও বাড়ছে। আর এর প্রভাব পড়ছে যাত্রীদের উপরে।

পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতিতে বদলে গেল আন্তজার্তিক উড়ানপথ, চাপে ভারতীয় বিমান সংস্থাগুলি

Photo: File photo

পশ্চিম এশিয়ায় আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা অব্যাহত। আমেরিকা ও ইরানের মধ্যে চলা সংঘর্ষে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এবার সেখানকার ভূরাজনৈতিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বিমান পরিষেবায়। নিরাপত্তার কারণে আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলির নির্দেশে ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ জারি হয়েছে। এর ফলে ইউরোপ, আমেরিকা ও উত্তর আমেরিকাগামী ভারতীয় বিমান সংস্থাগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। এতে বিমানের জ্বালানির খরচ যেমন বাড়ছে। সেই সঙ্গে বিমান ভাড়ার বাড়ার পাশাপাশি যাত্রী দুর্ভোগের চিত্রটাও স্পষ্ট হচ্ছে।

বর্তমানে বিমান সংস্থাগুলির সামনে দুটি রুট খোলা রয়েছে। প্রথমটিতে উত্তর দিক দিয়ে ককেশাস হয়ে মধ্য এশিয়ার উপর দিয়ে যেতে হবে। আর দ্বিতীয়টিতে দক্ষিণ দিক দিয়ে মিশর, সৌদি আরব, ওমান এবং আরব সাগরের উপর দিয়ে বিমানগুলিকে যেতে হবে। এই দুই পথ দিয়ে বিশ্বের বহু আন্তর্জাতিক বিমান চলাচল করছে। ফলে আকাশপথে যেমন যানজট তৈরি হচ্ছে। তেমনি উড়ান পরিষেবার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে এয়ার ইন্ডিয়ার মতো ভারতীয় বিমান সংস্থাগুলি দিল্লি ও মুম্বাই থেকে লন্ডন, প্যারিস এবং ফ্রাঙ্কফুর্টগামী উড়ানে ৯০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত সময় লাগছে। এর ফলে নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিমান গন্তব্যে পৌঁছছে না। এর পাশাপাশি যাত্রীদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

দীর্ঘ পথ ঘুরে যাওয়ার কারণে বিমানগুলির জ্বালানির খরচও বেড়ে গিয়েছে। অতিরিক্ত সময় আকাশে থাকার জন্য প্রতিটি আন্তজার্তিক বিমানে হাজার হাজার গ্যালন বেশি জ্বালানি খরচ হচ্ছে। এতে বিমান সংস্থাগুলির আর্থিক চাপও বাড়ছে। আর এর প্রভাব পড়ছে যাত্রীদের উপরে। অনেক বিমান সংস্থা আন্তজার্তিক রুটে বিমান কমিয়ে দিয়েছে।

অন্যদিকে, ভারত থেকে ইউরোপগামী টিকিটের দাম ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। পশ্চিম এশিয়ায় কিছু গন্তব্যে ভাড়া আরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তাজনিত এই বিধিনিষেধ দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা কম। তাই আগামী কিছুদিন আন্তজার্তিক উড়ানে নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লাগা ও টিকিটের উচ্চ মূল্যের সঙ্গে যাত্রীদের কিছুটা মানিয়ে নিতে হবে।