• facebook
  • twitter
  • youtube
Wednesday, 8 July, 2026

গেস্ট হাউস হচ্ছে একদা কেজরির বাংলো, অতীত শিশমহল

দিল্লির পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসলে সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের দর্শনের জন্য

গেস্ট হাউস হচ্ছে একদা কেজরির বাংলো, অতীত শিশমহল

Arvind Kejriwal File Photo

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের রাজনৈতিক পালাবদলের পেছনে যে সমস্ত বিতর্কগুলি কাজ করেছিল তার মধ্যে অন্যতম ছিল বিলাসবহুল ‘শিশমহল’ বিতর্ক। এবার সেই শিশমহল পরিণত হতে চলেছে সরকারি গেস্ট হাউসে। দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন এই সরকারি বাংলোই ছিল অরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা। কিন্তু এই বাসভবনের বিরাট পরিবর্তন ঘটিয়ে বিতর্কের কেন্দ্রে উতে এসেছিল কেজরিওয়ালের নাম। সরকারি সূত্রের জানা গিয়েছে, ওই ভবনে সামান্য কিছু পরিবর্তন এনে সেটিকে রাজ্য অতিথি নিবাসে রূপান্তরিত করা হবে।

গত বছর দিল্লিতে কেজরিওয়াল সরকারের পতনের পর থেকে খালি পড়ে ছিল এই শিষমহল। দিল্লির পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসলে সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের দর্শনের জন্য। এবার সেই সিদ্ধান্ত পাল্টে পরিকল্পনা নেওয়া হল, ওই ভবনটি সরকারি গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হবে।

ইতিমধ্যে বাংলোতে প্রয়োজনীয় যাবতীয় সুবিধে যেমন– পার্কিং, ওয়েটিং হল সহ বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । বর্তমানে ১০ জন কর্মী বাংলোর জোরক্ষণাবেক্ষনের কাজে নিযুক্ত। উর্ধতন কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পর গেস্ট হাউসটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। আধিকারিকদের তরফে জানা গিয়েছে, নির্ধারিত অর্থের বিনিময়ে সফররত মন্ত্রী ও সরকারি আধিকারিকদের থাকার ব্যবস্থা করা হবে এই বাংলোতে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের এই বাংলোর অধিবাসী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর আবগারি মামলার জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ২০২৪ সালের অক্টোবরে বাংলো খালি করেন তিনি। এই বাংলো ঘিরেই একধিক বিতর্ক শুরু হয়। বিজেপির অভিযোগ, আট একর জমিতে বিস্তৃত বাংলোটির সংস্কারের সময় জমি অধিগ্রহণে আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। ক্ষমতা বলে সরকারি জমি দখল করেন কেজরি। এই মর্মে লেফ্‌টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে চিঠি লিখে অভিযোগ করেছেন বিজেপি নেতা বীরেন্দ্র সচদেবা।