চলতি বিশ্বকাপের এখনকার ম্যাচগুলি যে বলে খেলা হচ্ছে, সেমিফাইনাল থেকে আর সেই বল দেখা যাবে না। বিশ্বকাপের শেষ পর্বকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন অফিসিয়াল ম্যাচ বল উদ্বোধন করল অ্যাডিডাস। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালে ব্যবহার করা হবে ‘ট্রায়োন্ডা ফাইনাল’ নামে এই বিশেষ বল। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারটি ম্যাচের জন্য আলাদা ডিজাইনের বল তৈরি করল এই আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি।
২০২৫-এর অক্টোবরে প্রকাশিত মূল ট্রায়োন্ডা বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখা হলেও, শেষ পর্বের জন্য এর বাইরের নকশায় বড় পরিবর্তন আনা হয়েছে। অ্যাডিডাসের দাবি, শুধু রঙ বদল নয়, বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির বৈশিষ্ট্য তুলে ধরতেই সম্পূর্ণ নতুন ডিজাইন তৈরি করা হয়েছে।
নতুন বলটির প্রধান আকর্ষণ সোনালি, সাদা এবং কালো রঙের সংমিশ্রণ। সোনালি রঙ বিশ্বকাপ ট্রফির অনুপ্রেরণায় ব্যবহার করা হয়েছে, আর কালো বেসের উপর গোলাপি ও লাল রঙের ছোঁয়া বলটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই রঙের ব্যবহার মাঠে ফুটবলারদের বুটের সঙ্গে সামঞ্জস্যও তৈরি করবে বলে জানিয়েছে অ্যাডিডাস।
প্রযুক্তিগত দিক থেকে ট্রায়োন্ডা ফাইনা-এ রয়েছে আগের বলেরই চার-প্যানেলের মিশ্রণ, উন্নত এয়ারোডাইনামিক নকশা এবং কানেক্টেড বল টেকনোলজি। বলের ভিতরে থাকা সেন্সর প্রতি সেকেন্ডে শয়ে শয়ে তথ্য সংগ্রহ করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-কে রিয়েল-টাইম ডেটা পাঠাতে সক্ষম। এর ফলে অফসাইড বা বল টাচের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরও দ্রুত এবং নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।
বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে এই নতুন বলই ব্যবহার করা হবে। অ্যাডিডাসের আশা, টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির সাক্ষী থাকবে এই নতুন ট্রায়োন্ডা ফাইনাল।




