• facebook
  • twitter
  • youtube
Monday, 6 July, 2026

‘একসঙ্গে লড়াই করে ক্লাবের স্বপ্ন পূরণ করাই লক্ষ্য’, লাল-হলুদ বাহিনীর দায়িত্ব নিয়ে বলে দিলেন হাবাস

হাবাসের মতো কড়া হেডস্যরকে পেয়ে এ বার গতবারের খেতাব ধরে রাখার কাজটা সফল ভাবে করতে পারে কি না ইস্টবেঙ্গল, এখন সেটাই দেখার

‘একসঙ্গে লড়াই করে ক্লাবের স্বপ্ন পূরণ করাই লক্ষ্য’, লাল-হলুদ বাহিনীর দায়িত্ব নিয়ে বলে দিলেন হাবাস

Antonio Lopez Habas Photo-SNS

জল্পনার অবসান। আন্তোনিও লোপেজ হাবাসই হচ্ছেন এই মরসুমে ইস্টবেঙ্গলের প্রধান কোচ। সোমবার সরকারি ভাবে এই ঘোষণা করে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। উল্লেখযো্গ্য ব্যাপার হলো, একই দিনে মোহনবাগান সুপার জায়ান্টও সরকারি ভাবে ঘোষণা করল তাদের হেড কোচের নাম। তিনি গ্রিসের পানাগিওটিস দিলমপেরিস। লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকেও এ দিন জানিয়ে দেওয়া হয়, হাবাসই সিনিয়র দলের দায়িত্ব নিচ্ছেন। তাঁর সহকারী হিসেবে যোগ দিচ্ছেন আগুস্তিন ফনসেকা তেজেইরো।

ভারতীয় ফুটবলে কোচ হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং একাধিক ট্রফি জয়ের অভিজ্ঞতার কথা বিবেচনা করেই হাবাসকে আগামী মরসুমের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ২০১৪-য় আইএসএলের প্রথম বছরে তিনি আতলেতিকো ডি কলকাতার কোচ হিসেবে ভারতে আসেন এবং প্রথম বছরেই সাফল্য পান। তিন বছর তিনি আতলেতিকো ডি কলকাতার দায়িত্ব পালনের পর যোগ দেন পুনে সিটি এফসি-তে। সেখানে তিন বছর কাটানোর পর ২০১৯-এ ফিরে আসেন কলকতায় এটিকে-তে। এটিকে মোহনবাগানেরও দায়িত্ব নেন তিনি। মাঝে কিছুদিন মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন।

পরে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত তিনি ইন্টার কাশীর কোচ ছিলেন। কাশীকে আইলিগ চ্যাম্পিয়ন করে আইএসএলেও তোলেন তিনি। যদিও গত মরশুমের মাঝপথে দায়িত্ব ছেড়ে চলে যান। এ বার ফের তিনি ভারতে ফিরলেন ইস্টবেঙ্গলের কোচ হিসেবে। গত কয়েক সপ্তাহ ধরে তাঁকে নিয়ে জল্পনা চলছিল। শোনা গিয়েছিল, মুম্বই সিটি এফসি-র প্রাক্তন কোচ পিটার ক্রাতকির সঙ্গেও কথা চলছিল লাল-হলুদ ক্লাবের। কিন্তু শেষ পর্যন্ত হাবাসের সঙ্গেই কথা পাকা করে তারা। হাবাসের দেওয়া বেশিরভাগ শর্তই মেনে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত আইএসএলে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের খেতাব ধরে রাখাই হবে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাবাসের মতো কড়া হেডস্যরকে পেয়ে এ বার গতবারের খেতাব ধরে রাখার কাজটা সফল ভাবে করতে পারে কি না ইস্টবেঙ্গল, এখন সেটাই দেখার। দায়িত্ব নিয়ে হাবাস বলেন, “আমি সন্মানিত। অত্যন্ত উৎসাহ এবং দায়িত্ব নিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে এই ক্লাবের প্রতীককে গর্বের সঙ্গে রক্ষা করা এবং একসঙ্গে লড়াই করে ক্লাবের স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য। খুব তাড়াতাড়িই কলকাতায় এসে সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি”।

প্রাক্তন মোহনবাগান এসজি কোচকে পেয়ে দারুন খুশি ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। নতুন কোচকে স্বাগত জানিয়ে ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, “ভারতীয় ফুটবলে তাঁর অসামান্য সাফল্য, কৌশলগত দক্ষতা, পেশাদারিত্ব এবং জয়ের মানসিকতা তাঁকে ইস্টবেঙ্গলের জন্য আদর্শ কোচ করে তুলেছে। ইস্টবেঙ্গল শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, এটি কোটি কোটি সমর্থকের আবেগ, গর্ব ও ঐতিহ্যের প্রতীক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে দল আরও সাফল্যের পথে এগিয়ে যাবে এবং ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমৃদ্ধ করবে”।