• facebook
  • twitter
  • youtube
Sunday, 5 July, 2026

ভিবি জিরাম জি প্রকল্পে পশ্চিমবঙ্গ পেল বিপুল টাকা, ডবল ইঞ্জিন রাজ্যে বঞ্চনার অবসান

দ্বিতীয় এনডিএ সরকারের আমলে এই প্রকল্পের নাম বদলে ‘ভিবি-জিরাম-জি’ করা হয়। একশো দিনের বদলে এখন ১২৫ দিন কাজ পাবেন জবকার্ডধারীরা

ভিবি জিরাম জি প্রকল্পে পশ্চিমবঙ্গ পেল বিপুল টাকা, ডবল ইঞ্জিন রাজ্যে বঞ্চনার অবসান

VB GRAM G Photo-ANI

বঞ্চনার অভিযোগ মুছে গেল। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গকে ১০০ দিনের প্রকল্প অর্থাৎ জিরামজি’র জন্য প্রথম কিস্তির টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এবার জবকার্ড হোল্ডাররা যাতে সঠিক সময়ে মজুরি পান তার উপর জোর দেওয়া হয়েছে। রবিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য অর্থ দিলেন। প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গের কাছে এসেছে ১২৬৪.৪৯ কোটি টাকা। সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশে। ৩২১০.৭৬ কোটি টাকা।

এদিকে এবার গ্রামীণ শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় এই প্রকল্পে টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছিল। রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে বলে নয়াদিল্লিতে আন্দোলনে নেমেছিল ঘাসফুল শিবির। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসীন হয়েছে। আর তারপরই মুছে গেল বঞ্চনার অভিযোগ। কদিন আগেই রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ নয়াদিল্লি গিয়ে শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে রেখেছিলেন রাজ্যের দাবি। আর তারপরই রাজ্যে এল বিপুল পরিমাণ অর্থ।

অন্যদিকে প্রত্যন্ত গ্রামবাংলায় বেকারত্ব ঘোচাতে কেন্দ্রের পক্ষ থেকে শুরু হয়েছিল ১০০ দিনের কাজের প্রকল্প। সারাবছর ১০০ দিনের কাজ করে প্রাপ্য দিনমজুরি পেয়ে অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছিল। জাতির জনকের নামে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের সুবিধা দেওয়া হয় নানা গ্রামাঞ্চলে। পরে দ্বিতীয় এনডিএ সরকারের আমলে এই প্রকল্পের নাম বদলে ‘ভিবি-জিরাম-জি’ করা হয়। একশো দিনের বদলে এখন ১২৫ দিন কাজ পাবেন জবকার্ডধারীরা। আর রবিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে নানা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য মোট ২৫,৮৬৩ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে।

তাছাড়া এই প্রকল্পে এখন কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন গ্রামীণ মানুষজন। তাও আবার বেশি মাত্রায়। কাজের দিনও বাড়ছে। আবার বরাদ্দ অর্থও বাড়ছে। সব দিক থেকে খুশি গ্রামের জবকার্ডধারীরা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রথম কিস্তিতে পেয়েছে ১২৬৪.৪৯ কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান স্পষ্ট করেছেন যে, এবার কাজের ক্ষেত্রে ১০০ ভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে। আর গ্রামীণ শ্রমিকদের ন্যূনতম দিনমজুরি যাতে সম্পূর্ণ ‘সময়মতো’ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয়, সেটার ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লি।