• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গে সাত জেলার অতি ভারী বৃষ্টি

রবিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গে সাত জেলার অতি ভারী বৃষ্টি

Image: IANS

বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এরপরও দুর্যোগ চলবে।

 

শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে। বিশেষ করে রবিবার কলকাতায় ৭ থেকে ১১ সেন্টমিটার বৃষ্টি হতে পারে।


রবিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি সোমবারের পরেও কিছুটা বজায় থাকতে পারে।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বর্ষার অক্ষরেখাও রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় হয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই  আবহাওয়ার জন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

 

বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে থাকায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ওড়িসা উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।