• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

সুমিতা দে-র প্রয়াণে শোকবার্তা সাংবাদিক মহলের

বৃহস্পতিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সুমিতা দে-র প্রয়াণে শোকবার্তা সাংবাদিক মহলের

Photo: Representational Image

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অতিরিক্ত তথ্য অধিকর্তা এবং বার্তা শাখার প্রধান সুমিতা দে-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে সাংবাদিক মহল। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তনী ছিলেন তিনি। দীর্ঘদিন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন বার্তা শাখায় কাজের সূত্রে সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। পরে রাজ্য সরকারের মিডিয়া সেলেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজ্য সরকারের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণমূলক কর্মসূচি সফল করতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।

বিভিন্ন সময়ে তিনি রাজ্য সরকারের প্রেস সেল বিভাগের দায়িত্বও সামলেছেন। কিছুদিন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এও কর্মরত ছিলেন। প্রয়াত সুমিতা দে-র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর পরিবার ও সহকর্মীদের আন্তরিক সমবেদনা জানিয়েছে কলকাতার সাংবাদিক মহল।