• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

দেশে চালু নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ১২৫ দিনের কাজ, বাড়ল মজুরি

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দাবি, এই আইনের ফলে গ্রামীণ পরিবারগুলির আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে

দেশে চালু নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ১২৫ দিনের কাজ, বাড়ল মজুরি

১ জুলাই থেকে দেশের গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। দীর্ঘদিনের মনরেগার পরিবর্তে চালু হল বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তা মিশন (গ্রামীণ) আইন, ২০২৫ বা ভিবি-জি রাম জি। নতুন প্রকল্পে বছরে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শ্রমিকদের মজুরিও বাড়ানো হয়েছে।

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন প্রকল্পে দৈনিক ন্যূনতম মজুরি ৩০০ টাকার নিচে হবে না। এর জন্য প্রথমবারের মতো ৩০০ টাকার একটি অন্তর্বর্তীকালীন ভিত্তি মজুরি নির্ধারণ করে কেন্দ্র।আগে মনরেগার অধীনে জাতীয় গড় দৈনিক মজুরি ছিল ২৯৮.৮ টাকা। নতুন প্রকল্পে তা বেড়ে হয়েছে গড়ে ৩২৭.৪ টাকা, অর্থাৎ গড়ে প্রায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

সবথেকে বেশি মজুরি বৃদ্ধি হয়েছে আগে যে সমস্ত রাজ্যগুলিতে তুলনামূলক কম মজুরি ছিল। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মজুরি বাড়ানো হয়েছে। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে প্রায় ২৪.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। অন্যদিকে, কেরালা, হরিয়ানা, গোয়া ও কর্নাটকের মতো রাজ্যেও উচ্চ হারে মজুরি স্থির করা হয়েছে। হরিয়ানায় দৈনিক ৪০৯ টাকা, গোয়ায় ৪০৬ টাকা, কেরালায় ৪০১ টাকা এবং সিকিমের উচ্চ পার্বত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বোচ্চ ৪৫০ টাকা মজুরি ধার্য করা হয়েছে।

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দাবি, এই আইনের ফলে গ্রামীণ পরিবারগুলির আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নতুন প্রকল্পটি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও কেন্দ্রের দাবি।

মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বাজেটে প্রয়োজনীয় ব্যবস্থা করেছে এবং ২৪টি রাজ্য ইতিমধ্যেই নিজেদের স্তরে প্রকল্পটি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। সময়মতো মজুরি ও প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য রাজ্যগুলিকে ৯৫,৬৯২.৩১ কোটি টাকার অন্তর্বর্তী বরাদ্দও দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সরকারের লক্ষ্য একটাই— কোনও যোগ্য শ্রমিক যেন কাজের অভাবে একদিনও বসে না থাকেন। তাঁর কথায়, সমৃদ্ধ গ্রামের মাধ্যমেই উন্নত ভারত গড়ে তোলার পথ তৈরি হবে। সেই লক্ষ্যেই এই নতুন আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।