• facebook
  • twitter
  • youtube
Friday, 24 July, 2026

১২৫ দিনের কাজে দুর্নীতি ঠেকাতে জিও ফেনসিং চালু করছে রাজ্য

কাজ শুরুর আগে ১২৫ দিনের কাজের সুপারভাইজারকে তাঁর স্মার্ট ফোনে কাজের জায়গার নির্দিষ্ট মানচিত্র তৈরি করতে হবে। কাজের সময়ে শ্রমিকদের ওই মানচিত্রের ১০ মিটারের মধ্যে থাকতে হবে। কেউ ওই নির্দিষ্ট এলাকার বাইরে বেরিয়ে গেলেই সিস্টেমে লাল দাগ দেখাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিককে অনুপস্থিত বলে ধরা হবে

১২৫ দিনের কাজে দুর্নীতি ঠেকাতে জিও ফেনসিং চালু করছে রাজ্য

Image: vbgramg.dord.gov.in/vbgramg

পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। ওই দুর্নীতিতে মূলত নাম জড়িয়েছিল তৃণমূলের নেতা-কর্মীদের। যে কারণে কেন্দ্রের মোদী সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। ফলে প্রায় তিন বছর বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ ছিল। ৪ মে রাজ্যে পালাবদলের পর বাংলায় ফের চালু হচ্ছে ১২৫ দিনের কাজ। তবে এই প্রকল্পে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে তার জন্য প্রথম থেকেই আটঘাট বেঁধে ময়দানে নামছে শুভেন্দু অধিকারী সরকার।

দুর্নীতি রুখতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চলেছে কেন্দ্র। এবার ১০০ দিনের কাজের দুর্নীতি ঠেকাতে জিও ফেন্সিং চালু করছে রাজ্য। এই অত্যাধুনিক পদ্ধতিতে কাজের নির্দিষ্ট এলাকাকে ডিজিটাল বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে। উল্লেখ্য, তৃণমূল জমানায় ১০০ দিনের কাজের প্রকল্পে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠে ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এবার সেই দুর্নীতি ঠেকাতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার।
প্রশ্ন হল এই জিও ফেন্সিং প্রযুক্তি কীভাবে কাজ করবে?

জানা গিয়েছে, কাজ শুরুর আগে ১২৫ দিনের কাজের সুপারভাইজারকে তাঁর স্মার্ট ফোনে কাজের জায়গার নির্দিষ্ট মানচিত্র তৈরি করতে হবে। কাজের সময়ে শ্রমিকদের ওই মানচিত্রের ১০ মিটারের মধ্যে থাকতে হবে। কেউ ওই নির্দিষ্ট এলাকার বাইরে বেরিয়ে গেলেই সিস্টেমে লাল দাগ দেখাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিককে অনুপস্থিত বলে ধরা হবে। ফলে তিনি কাজের মজুরি পাবেন না। প্রশাসনের কর্তাদের অনুমান, এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ভুয়ো হাজিরা ঠেকানো যাবে। পাশাপাশি, কাজ না করেই টাকা তোলা, এক জায়গার কাজ অন্য জায়গায় দেখানোর মতো প্রবণতা বন্ধ হবে। এর ফলে যাঁরা প্রকৃতই কাজ করছেন তাঁরা উপকৃত হবেন। নবান্নের কর্তাদের আশা, জিও ফেনসিং ব্যবস্থা চালু হলে ১২৫ দিনের কাজে দুর্নীতি কমবে, স্বচ্ছতা ফিরবে।

জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলার বিভিন্ন ব্লকে ১২৫ দিনের কাজ শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রতিটি জেলাতেই ১২৫ দিনের কাজ চালু হবে। সূত্রের খবর, কেন্দ্রের কড়া নির্দেশ, সর্বত্র জিও ফেন্সিং ব্যবস্থার মাধ্যমেই কাজ চালু করতে হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ও সাগর ব্লকে ১২৫ দিনের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই জেলার ৩১০ টি গ্রাম পঞ্চায়েতেই জোর কদমে ১২৫ দিনের কাজ চলবে। প্রশাসনিক সূত্রের খবর, এই জেলার প্রতিটি ব্লকে প্রায় ৫০ হাজার করে জব কার্ড হোল্ডার আছেন। বিজেপি সরকারের আমলে আগের ১০০ দিনের কাজের মেয়াদ বেড়ে যেমন ১২৫ দিন হয়েছে, তেমনই বেড়েছে শ্রমিকদের মজুরিও। নতুন নিয়মে এই কাজে দক্ষ শ্রমিকরা ৪৫০ টাকা করে এবং অদক্ষ শ্রমিকরা ৩০০ টাকা করে মজুরি পাবেন।