আমেরিকা ও ইরান স্থায়ী শান্তিচুক্তির জন্য আলোচনা চালাচ্ছে। এর মধ্যে ইরানের উপরে ফের হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রয়োজন হলে ফের সামরিক অভিযান চালাতে ইজরায়েল পিছপা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নেতানিয়াহুর বক্তব্য, ইরানকে কোনওভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
ইজরায়েলের এক সংবাদমাধ্যম চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘ইজরায়েল ইতিমধ্যেই দুবার ইরানে সামরিক অভিযান চালিয়েছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে তৃতীয়বারও হামলা করা হবে।’ তিনি জানিয়েছেন, যতদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।
নেতানিয়াহু আরও জানান, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে ইজরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। গাজা ও লেবানন দুই ক্ষেত্রে অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, হিজবুল্লাহ যতদিন ইজরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকবে, ততদিন দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। খসড়া চুক্তিতে সামরিক সংঘাত বন্ধ, হরমুজ় প্রণালী খুলে দেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে ইজরায়েল আগেই জানিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তার প্রশ্নে তারা কোনও আন্তর্জাতিক চুক্তির দ্বারা আবদ্ধ নয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন। তাঁর আশঙ্কা, নতুন করে হামলা হলে শান্তিচুক্তির মতো কূটনৈতিক প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তবে ট্রাম্পের সেই বার্তায় বিশেষ গুরুত্ব না দিয়েই নেতানিয়াহু বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবার সামরিক পদক্ষেপ করতে প্রস্তুত ইজরায়েল।




