• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

দ্বিতীয় ম্যাচেও দলে নেই বৈভব, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক দুই তরুণের

বৈভব সূর্যবংশীকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকলেও দ্বিতীয় ম্যাচেও তাঁকে অপেক্ষা করতে হল

দ্বিতীয় ম্যাচেও দলে নেই বৈভব, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক দুই তরুণের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভারতের প্রথম একাদশে জায়গা পেলেন না ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচের মতো এবারও বেঞ্চেই থাকতে হল তাঁকে। তবে ভারতীয় দলে অভিষেক হল দুই তরুণ ক্রিকেটার—পেসার প্রিন্স যাদব এবং অলরাউন্ডার সূর্যাংশ শেডগের।

প্রথম টি-২০-তে অপ্রত্যাশিত হারের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যেই দল সাজায় ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই সঙ্গে প্রথম একাদশে দুটি পরিবর্তনের কথাও ঘোষণা করেন তিনি। টসের পর শ্রেয়স বলেন, “আমরা প্রথমে বোলিং করব। উইকেটটা বেশ ভালো। আশা করছি, পরে ব্যাটিংয়ের সময় শিশির কিছুটা প্রভাব ফেলবে। আগের ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করতে পারিনি। আজ সেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই নামছি।”

নতুন দুই ক্রিকেটারের অভিষেক প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, “প্রিন্স যাদব এবং সূর্যাংশ শেডগে আজ ভারতের হয়ে প্রথম মাঠে নামবে। ওদের জন্য এটা বিশেষ দিন। আশা করি, ওরা এই সুযোগ কাজে লাগাবে।”

অন্যদিকে, বৈভব সূর্যবংশীকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকলেও দ্বিতীয় ম্যাচেও তাঁকে অপেক্ষা করতে হল। আয়ারল্যান্ড সফরে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ এল না এই তরুণ বাঁহাতি ব্যাটারের। প্রথম ম্যাচের পরও তাঁকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট আপাতত অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপরই আস্থা রাখল।

ফলে বৈভবের আন্তর্জাতিক অভিষেকের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল। এখন দেখার, সিরিজের পরবর্তী ম্যাচগুলিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কবে এই প্রতিভাবান তরুণকে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ দেয়। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ১৫৪-৮-এর ইনিংস গড়েছে। প্রিন্স তিনটি উইকেট নেন এবং অর্শদীপ সিং ও শিবম দুবে দুটি করে উইকেট নেন।